Published : 28 Jul 2026, 11:33 AM
শর্ত ভেঙে অনুমতি ছাড়া কনসার্টের স্থান পরিবর্তন, অব্যবস্থাপনা ও বিদেশি শিল্পী ও দর্শকদের নিরাপত্তা ‘বিঘ্নিত করার’ অভিযোগে পাকিস্তানি শিল্পী আতিফ আসলামের কনসার্টের আয়োজক 'ইভেন্ট সাজাই'কে কালো তালিকাভুক্তকরাসহ আইনি ব্যবস্থা নিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত ২৬ জুলাই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো এক চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
ওই চিঠিতে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি মন্ত্রণালয়ের নির্দেশনার বিষয়টি জানিয়েছেন।
গত শুক্রবার রাজধানীর ভাটারায় মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামকে নিয়ে 'মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের কনসার্টের আয়োজন করে ‘মেইন স্টেজ’ নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি।
তবে কনসার্ট আয়োজনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেয় ‘মেইন স্টেজ’ এর সহযোগী সংস্থা 'ইভেন্ট সাজাই'।
প্রথমে কনসার্টটি হওয়ার কথা ছিল ৩০০ ফুটের ক্রিকেটারস একাডেমিতে। তবে কনসার্টের একদিন আগে সংবাদ সম্মেলন করে মেইন স্টেজের প্রধান নির্বাহী কাজী রাফসান জানান, বৃষ্টির কারণে আগের ভেন্যুতে স্টেজ তৈরি করা যাচ্ছে না, তাই ভেন্যু পরিবর্তন করা হয়েছে।
তবে শেষ মুহূর্তে এভাবে ভেন্যু পরিবর্তন করায় শর্তভঙ্গ হয়েছে বলে চিঠিতে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সেখানে বলা হয়, খিলক্ষেত পূর্বাচল এক্সপ্রেসওয়ের ‘ক্রিকেটার্স একাডেমি’ ভেন্যুতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য ‘ইভেন্ট সাজাই’কে অনুমতি দেওয়া হয়েছিল।
“তবে আয়োজক সংস্থাটি অনুমতিপত্রের শর্তাবলি লঙ্ঘন করে পূর্বানুমোদন ছাড়াই শেষ মুহূর্তে অনুষ্ঠানের ভেন্যু পরিবর্তন করে। ফলে অনুষ্ঠান আয়োজনে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয় এবং উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।”
চিঠিতে বলা হয়, ভেন্যুর শর্ত না মানা ও অব্যবস্থাপনার কারণে অনুষ্ঠানে আসা বিদেশি শিল্পী ও কলাকুশলীরা ‘নিরাপত্তা হুমকির মুখে’ পড়েন। একইসঙ্গে ‘ন্যূনতম সুবিধার ঘাটতি এবং সুরক্ষার অভাবে’ দর্শকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ও তীব্র সমালোচনা করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং সংবাদমাধ্যমে ‘নেতিবাচক’ সংবাদ প্রচারিত হয়েছে।
এমন পরিস্থিতিতে আয়োজক সংস্থা ‘ইভেন্ট সাজাই’এর বিরুদ্ধে তদন্ত করে তাদের ‘কালো তালিকাভুক্ত’ করাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ওই নির্দেশনার অনুলিপি মহাপরিচালক (বাংলাদেশ নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর), অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (বিশেষ শাখা-এসবি) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ দপ্তরে পাঠানো হয়েছে।
বিষয়টি নিয়ে জানতে মেইন স্টেজের প্রধান নির্বাহী কাজী রাফসান ও মেইন স্টেজের সত্বাধিকারী নিশা সালামকে কয়েকবার ফোন করা হলেও তাদের সাড়া মেলেনি।
তবে আয়োজকদের একজন ড্যানিয়েল গ্লিটজকে বলেন, "ইভেন্ট সাজাই মেইন স্টেজেরই একটি প্রতিষ্ঠান। এই কনসার্টে আমরা মূলত স্ট্র্যাটেজিক পার্টনার ছিলাম। সবকিছু মেইন স্টেজ হ্যান্ডেল করেছে।"
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি কিংবা আইনগত প্রক্রিয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রশাসনিক বিষয়গুলো তাদের আওতাভুক্ত ছিল না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ‘ইভেন্ট সাজাই’কে কালো তালিকাভুক্ত করার ও আইনি ব্যবস্থা নেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে, সে বিষয়ে জানেন কিনা প্রশ্ন করলে ড্যানিয়েল বলেন, "না, এ বিষয়ে আমরা জানি না। তারা (মেইন স্টেজ) পুরো বিষয়টি পরিচালনা করেছে, তাই তাদের সঙ্গে কথা বললেই বিষয়টি স্পষ্ট হওয়া যাবে।"