১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লাপাতা লেডিজের ‘ফুলকুমারী’ মেট গালায়!

শুধু আলিয়া নয়, লাল শাড়ি আর চাদর জড়ানো ‘লাপতা লেডিজ’ সিনেমার ‘ফুলকুমারী’র একটি ছবিও বেশ আলোচনা তৈরি করছে।

লাপাতা লেডিজের ‘ফুলকুমারী’ মেট গালায়!
‘লাপতা লেডিজ’ সিনেমার ‘ফুল কুমারী’ চরিত্রে নিতাংশী গোয়েল

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 05:11 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফ্যাশন ইভেন্ট ‘মেট গালায়’ বিভিন্ন থিমের পোশাকে আলোচনায় থাকেন বিশ্বের জনপ্রিয় তারকারা। হলিউডের পাশাপাশি, বলিউড তারকারাও নজর কাড়েন নিজস্ব থিমের সাজ নিয়ে। 

এবারের মেট গালায় বিশেষভাবে নজর কেড়েছেন আলিয়া ভাট। সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা আলিয়া ভাটের শাড়িটি বেশ আলোচিত হচ্ছে। 

তবে শুধু আলিয়া নন, লাল শাড়ি আর চাদর জড়ানো ‘লাপাতা লেডিজ’ সিনেমার ‘ফুলকুমারী’র একটি ছবি নিয়েও বেশ আলোচনা হচ্ছে।  

কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’ সিনেমা দিয়ে এখন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে অভিনেত্রী নিতাংশী গোয়েল। এই সিনেমা দিয়েই মাত্র ১৭ বছর বয়সে বড় পর্দায় নাম লিখিয়েছেন তিনি। 

টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, ওই ছবিতে নিতাংশীকে ‘ফুলকুমারী’ সাজে মেট গালার লাল গালিচায় হাঁটতে দেখা যায়। কোনো নামী শিল্পীর ডিজাইন করা পোশাক নয়, নিতাংশীর পরনে ছিল একটি লাল শাড়ি আর তার উপরে মেরুন রঙের চাদর। মাথাও ঢাকা সেই মেরুন চাদরে। মুখ প্রসাধনহীন। কপালে শুধু ছোট্ট টিপ। যেন সিনেমার ‘ফুলকুমারী’। 

নিতাংশীর এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে আমির খানের প্রযোজনা সংস্থা থেকে। ক্যাপশনে লেখা হয়েছে- ‘যথা সময়ে বাগানে আমাদের ‘ফুল’ ফুটেছে’।

তবে নিতাংশী আসলে মেট গালায় যাননি। মেট গালার লাল কার্পেটে নিতাংশীর ছবিটি এডিট করে বসানো হয়েছে। 

লাপাতা লেডিস সিনেমায় ২০০১ সালে ভারতের গ্রামীণ প্রেক্ষাপটের গল্প উঠে এসেছে। যেখানে দীপক কুমারের সঙ্গে বিয়ে হয় ফুল কুমারীর। বিয়ে পর্ব শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে ভুল করে অন্য পুরুষের স্ত্রীকে বাড়িতে নিয়ে যান দীপক। 

দুই সদ্য বিবাহিত নারীর হারিয়ে যাওয়া ও আবার সঠিক স্থানে ফিরে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে সিনেমাটি। 

সাধারণ গল্পে, অসাধারণ নির্মাণে দর্শক-সমালোচকদের বেশ প্রশংসা পাচ্ছে সিনেমাটি।