Published : 28 Jan 2026, 01:20 AM
বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা, লেখক-সাংবাদিক ওয়াহিদুল হকের বিংশতম প্রয়াণ দিবস গান ও আলোচনার মধ্য দিয়ে পালন করেছে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া শাখা।
'তোমার অভয় বাজে হৃদয়মাঝে' প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় শহরের আসিফ টিউটোরিয়ালে এই আয়োজন হয় বলে আয়োজক সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ উর রহমান অনুষ্ঠানের শুরুতে ওয়াহিদুল হকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।
আয়োজক সংগঠনের সহসভাপতি ডা. অরুণাভ পোদ্দার বলেন, "সাংবাদিকতা ও লেখালেখির পাশাপাশি ওয়াহিদুল হক ছায়ানটসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেছেন।"
সঞ্জীব কুমার দেবনাথ বলেন, "বাঙালির অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী আন্দোলন ও মুক্তিযুদ্ধে তিনি ছিলেন সাংস্কৃতিক সংগ্রামের অন্যতম যোদ্ধা।"

বিভূতিভূষণ দেবনাথ বলেন, "ওয়াহিদুল হক অনন্য প্রতিভাবান ছিলেন বলেই জাতি তাকে একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে।"
সভাপতির বক্তব্যে অধ্যাপক মানবর্দ্ধন পাল বলেন, "ওয়াহিদুল হক ছিলেন বহুমাত্রিক প্রতিভাধর ব্যক্তিত্ব। রবীন্দ্রনাথ ও বাঙালিসংস্কৃতির মূলকে ধারণ করে তিনি সেই চেতনা ছড়িয়ে জীবনব্যাপী ছড়িয়ে দিয়েছেন দেশের সর্বত্র।"
সংগীতজ্ঞ, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা ওয়াহিদুল হক ২০০৭ সালের ২৭ জানুয়ারি চিরবিদায় নেন।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ওয়াহিদুল হকের সান্নিধ্যে ছায়ানট থেকে সঙ্গীতে স্নাতক সম্পন্ন করা আ ন ম আজিজুর রহমান। এছাড়া সংগঠনের শিল্পীরা একক ও সম্মেলক গান পরিবেশন করেন।
সঞ্চালনায় ছিলেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ ও বাচিকশিল্পী জামিল ফোরকান। উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের কোষাধ্যক্ষ জামিনুর রহমানসহ অনেকে।