১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছাত্র-বনাম ফেডারেশন: ‘প্রাপ্তবয়স্কদের’ সিনেমাটি কেন আলোর মুখ দেখল না

পরিচালক জয়ব্রত দাস বলেছেন, টেকনিশিয়ান ফেডারেশনের বাধার মুখে সিনেমার মুক্তি আটকে গেছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2025, 10:56 AM

Updated : 26 Aug 2026, 05:08 PM

কলকাতায় প্রাপ্তবয়স্কদের জন্য বানানো যে সিনেমাটি মুক্তি দিতে সেন্সর বোর্ডের নির্দেশে ৫৪বার ছুরি কাঁচি চালাতে হয়েছিল, সেটির মুক্তি শেষমেশ আটকে গেছে।

শুক্রবার ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টসের’ মুক্তির তারিখ থাকলে, শেষ পর্যন্ত সিনেমাটি আলোর মুখ দেখেনি। যা নিয়ে তুমুর সমালোচনা চলছে কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে।

পরিচালক জয়ব্রত দাস বলেছেন, টেকনিশিয়ান ফেডারেশনের বাধার মুখে সিনেমার মুক্তি আটকে গেছে; আর ফেডারেশনের দাবি, সিনেমা তৈরিতে তাদের নিয়ম অগ্রাহ্য করা হয়েছে।

তাই দারুণ গতিতে প্রচার কাজ চললেও, শেষ মুহূর্তে এসে আটকে দেওয়া হয়েছে ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টসের’ মুক্তির কাজ। 

ফেডারশনের সঙ্গে বৈঠক করেছেন সিনেমার পরিচালক জয়ব্রত দাস ও প্রযোজক মানব সাহা এবং সঙ্কেত মিশ্র। তবে কোনো দফারফা আসেনি আলোচনা থেকে।

ফেডারেশন বলছে, সিনেমার পোস্টারে ‘প্রমোদ ফিল্মস’ নামে যে প্রযোজনা সংস্থার নাম গিয়েছে, তাদের সঙ্গে বৈঠক করে তবেই এই সিনেমা মুক্তির বিষয়ে আগানো হবে। আর জয়ব্রত, মানব ও সঙ্কেতের দাবি, তারা ছাত্র থাকাকালীন নিজেদের টাকা দিয়েই সিনেমার কাজ করেছেন। প্রমোদ ফিল্মস এই সিনেমার সঙ্গে খুব স্বল্প সময়ের জন্য যুক্ত ছিল।”

সিনেমাটি তৈরি হয় ২০২১ সালে। কোভিড মহামারী পরবর্তী সময়ে এসআরএফটিআইয়ের (সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট) ছাত্রছাত্রীরা মিলে সিনেমাটি তৈরি করেন। বাজেট ছিল প্রায় ২৫ লাখের কাছাকাছি। এবং এই সিনেমার অভিনয় শিল্পীরা কাজ করেছেন বিনা পারিশ্রমিকে।  

পরিচালক জয়ব্রতের কথায়, “আমরা কদিন আগেও বুঝতে পারিনি এমন কিছু হবে। ফিল্ম স্কুলের ছাত্রছাত্রীরা মিলে সিনেমা তৈরি করি। আমাদের টিমে আসলে স্পটবয় থেকে চিত্রগ্রাহক, সবাই ফিল্ম স্কুলের ছাত্রছাত্রী। নিজেরা ‘ক্রাউড ফান্ডিং’ করে টাকা তুলি। আমরা জানতামই না যে, সিনেমা বানাতে গেলে ফেডারেশনের থেকে এমন অনুমতি নিতে হয়। তাদের এত নিয়ম আছে।”

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, “এই সিনেমা আসলে একটা বিশ্বাসঘাতকতার উদাহরণ তৈরি করেছে। একটি বাণিজ্যিক সিনেমাকে ‘স্টুডেন্ট ফিল্ম’ হিসাবে চালিয়ে দেওয়া হচ্ছে। যে কোনও বাণিজ্যিক সিনেমা মুক্তির ক্ষেত্রে তাদের থেকে অনুমতি নেওয়া জরুরি। যদি সিনেমাটি সত্যিই শুধু ছাত্রছাত্রীদের তৈরি হয়, তবে ফেডারেশন তাদের সহায়তা করবে।”

অভিনেতা রুদ্রনীল ঘোষ বলেন, “ফেডারেশনের ঠিক কোন জায়গায় আপত্তি সেটা পুরোটা জানি না। তবে গিল্ডের কাউকে না নিয়ে যে সিনেমা করার কথা বলা হয়েছে, এটা প্রথম নয়। এর আগেও তো ইনডিপেনডেন্ট সিনেমা হয়েছে এ ভাবে, যারা পুরস্কারও পেয়েছে। একটি হল ‘দোস্তজী’, অন্যটি গৌতম ঘোষের ছেলের ছবি ‘ঝিল্লি’। 

“আমার মনে হয়, দুপক্ষ বসে মিটিয়ে নেওয়া উচিত। আর যদি কিছু কম করে কোনো জরিমানা দিতে হয়, সেটা দেখুন। কারণ, এরা সবাই নিজেদের টাকা দিয়ে সিনেমাটি করেছে। তাই ফেডারেশনের এতটা কড়া হওয়া উচিত নয়।’’

গত জুলাইয়ে প্রেক্ষাগৃহে আসার কথা ছিল ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ সিনেমাটির।

একগুচ্ছ অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত এই সিনেমার চিত্রনাট্যে দেখা যাবে একটি দামি অ্যান্টিক মদের বোতল ঘিরে কয়েকজন অপরাধীর পরিকল্পনা। সেই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টায় প্রত্যেকে জড়িয়ে পড়ে ছলনা, প্রতারণা, বিশ্বাস ও বিশ্বাসঘাতকতার গল্পে। 

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, পায়েল সরকার, ঋষভ বসু, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, অমিত সাহা, অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, রানা বসু ঠাকুর ও অঞ্জন রায় চৌধুরী।

প্রাপ্তবয়স্কদের যে সিনেমায় ৫৪টি কাঁটছাট