১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অন্যরা যা করেন, কিয়ারা-সিদ্ধার্থও তাই করলেন

“দয়া করে কোনো ছবি নয়। শুধু আশীর্বাদ করুন।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2025, 06:01 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

অগ্রজদের দেখানো পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন নতুন বাবা-মা বলিউড দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। 

আনুশকা-কোহলি, আলিয়া-রাণবীর এবং দীপিকা-রণবীর দম্পতির মতই নিজের সন্তানকে আলোচিত্রীদের লেন্সের আড়ালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ‘শেরশাহ’ সিনেমা করে সাড়া তোলা এই দম্পতি।

আনন্দবাজার লিখেছে, আলোকচিত্রীদের কাছে এই নতুন বাবা-মায়ের অনুরোধ হল তারা যেন কোনোভাবেই তাদের মেয়ের ছবি তোলার কোনো ইচ্ছা মনের মধ্যে না রাখেন। 

এই অনুরোধ তারা রেখেছেন অভিনব কায়দায়। আলোকচিত্রীদের কাছে কিয়ারা-সিদ্ধার্থ কিছুদিন আগে পাঠিয়েছেন মিষ্টির বাক্স।

হালকা গোলাপি রঙা ওই মিষ্টির বাক্সের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন মুম্বাইয়ের স্নেহা জালা নামে এক আলোকচিত্রী।  বাক্সের উপর রয়েছে নতুন বাবা-মায়ের বার্তা। 

সেখানে লেখা, “আমাদের শিশুকন্যা এসে গিয়েছে। এই সুন্দর মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য কিছু মিষ্টি হয়ে যাক। দয়া করে কোনো ছবি নয়। শুধু আশীর্বাদ করুন।” 

যদিও গর্ভাবস্থায় চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবেও লালগালিচায় হেঁটেছেন কিয়ারা। তার গর্ভাকালীন ফ্যাশন ও উপস্থিতি নজর কাড়ে আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়ায়। কিন্তু মেয়ে পৃথিবীতে আসার পর তাকে ক্যামেরার সামনে আনতে অভিনেত্রীর ঘোরতর আপত্তি আছে।

১২ জুলাই থেকে হাসপাতালে যাতায়াত বেড়েছিল এই তারকা দম্পতির। সেদিন একটি হাসপাতালের বাইরে ছাতার নিচে কিয়ারাকে সাবধানে নিয়ে যেতে দেখা যায় সিদ্ধার্থকে। সেদিন তাদের দেখে অনেকেই ভিডিও করেন।

যে ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। তখন থেকেই সুখবরের প্রতীক্ষায় দিন গুনছিলেন তাদের অনুরাগীরা।

এরপর ১৬ জুলাই সিদ্ধার্থ ও কিয়ারা যৌথভাবে সোশাল মিডিয়ায় জানিয়েছিলেন তাদের কন্যা সন্তান পৃথিবীতে এসেছে। মুম্বাইয়ে যে বেসরকারি হাসপাতালে কিয়ারার মেয়ে জন্ম নেয়, এর পর থেকে নবজাতককে ফ্রেমবন্দি করতে ওই হাসপাতালের সামনে ক্যামেরা হাতে আলোকচিত্রীদের ভিড় দেখা গেছে রাতদিন। যদিও তারা ব্যর্থ হয়েছেন 

গত মার্চে সংসার বড় হচ্ছে বলে জানিয়েছিলেন এই দম্পতি।

অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন কিয়ারা। ছেড়ে দেন ‘ডন ৩’ সিনেমার কাজও।

২০২১ সালে মুক্তি পাওয়া ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেটে সিদ্ধার্থ-কিয়ারার প্রেমের শুরু, দুই বছর বাদে ২০২৩ সালে রাজস্থানের জয়সলমীরে সূর্যগড় প্রাসাদে বিয়ের পিঁড়িতে বসেন তারা।

বলিউডের তারকাদের বিয়ের মধ্যে এই দম্পতির বিয়েটি আনুষ্ঠানিকতার দিক থেকে সাড়া তোলে।

দুই থেকে তিন হলেন কিয়ারা-সিদ্ধার্থ