১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এক ছাদের নিচে শবনম, সুচন্দা, ববিতা, আলমগীর, ঘটনা কী

বৃষ্টির দিনে শুটিংয়ের অভিজ্ঞতা, প্রিয় সহশিল্পী, ভালো লাগার গানসহ বহু স্মৃতি রোমন্থন করেছেন তারা।

এক ছাদের নিচে শবনম, সুচন্দা, ববিতা, আলমগীর, ঘটনা কী
আলমগীর, ববিতা, সুচন্দা, শবনম ও  উজ্জ্বল। ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2026, 11:14 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

বাংলা চলচ্চিত্রের ষাট, সত্তর ও আশির দশকের পাঁচ অভিনয়শিল্পী শবনম, সুচন্দা, ববিতা, উজ্জ্বল এবং আলমগীর জড়ো হয়েছিলেন এক ছাদের নিচে।   

বর্ষার প্রথম দিন সোমবার ঢাকাই সিনেমার এই দিকপালরা মেতেছিলেন সোনালি অতীত আর বর্তমানের গল্প-আড্ডায়। 

চ্যানেল আই প্রাঙ্গণে তাদের নিয়ে এই বিশেষ আড্ডার আয়োজন করা হয়। স্টেশনটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই তারকাদের স্বাগত জানাতে চ্যানেল আইয়ের মূল ফটক থেকে শুরু করে পুরো প্রাঙ্গণ সাজানো হয়েছিল তাদের অভিনীত সিনেমার পোস্টার ও ছবি দিয়ে। 

লাল কার্পেট বিছানো পথে হেঁটে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেছেন তারা। তাদের স্বাগত জানিয়েছে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

সাতজন তারকাকে নিয়ে এই আয়োজনের পরিকল্পনা করা হলেও অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি চিত্রনায়ক সোহেল রানা ও অভিনেত্রী আনোয়ারা। 

দিনব্যাপী এই আয়োজনে ছিল আড্ডা আর স্মৃতিকাতরতা। অনেক বছর পর একে অপরের মুখোমুখি হয়ে তারকারা মেতে ওঠেন প্রাণের আলাপে। ব্যক্তিগত জীবন ও অভিনয় ক্যারিয়ারের নানা অজানা গল্প ভাগ করে নেন একে অপরের সঙ্গে। 

চ্যানেল আইয়ের স্টুডিওতে আবদুর রহমানের সঞ্চালনায় এই আড্ডায় উঠে আসে তারকাদের ব্যক্তিজীবনের নানা অপ্রকাশিত কথা। আষাঢ়ের প্রথম দিনে বৃষ্টির দিনে শুটিংয়ের অভিজ্ঞতা, প্রিয় সহশিল্পী, ভালো লাগার গানসহ বহু স্মৃতি রোমন্থন করেছেন তারা। 

ইফতেখার মুনিমের পরিচালনায় পুরো আয়োজনটি ধারণ করেছে চ্যানেল আই। শিগগিরই বিশেষ এই অনুষ্ঠানটি চ্যানেল আইয়ের পর্দায় প্রচার করা হবে বলে জানিয়েছে স্টেশনটি।