Published : 24 Sep 2024, 10:00 PM
টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘প্রশংসা কুড়িয়ে’ এবার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’।
সিনেমাটি বুসান উৎসবের 'উইন্ডো টু এশিয়ান ফিল্মস' বিভাগে নির্বাচিত হয়েছে বলে গ্লিটজকে জানিয়েছেন পরিচালক মাকসুদ হোসেন।
মাকসুদ বলেছেন বুসান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে অক্টোবরের ২ তারিখ থেকে। ওই আসরে ৪, ৬ অক্টোবর ও ৯ অক্টোবর তিনদিন 'সাবা'র প্রদর্শনী হবে।
পরপর দুটি উৎসবে নির্বাচিত হওয়ার অনুভূতি জানিয়ে গ্লিটজকে পরিচারক মাকসুদ বলেন, "এটা অনেক বড় পাওয়া। অভিনয় শিল্পী থেকে পুরো টিম সিনেমাটির জন্য অনেক পরিশ্রম করেছে, এই সাফল্য তাদের।“

আন্তর্জাতিকভাবে সিনেমাটি ‘প্রশংসা পাচ্ছে’, যা তাকে অনুপ্রাণিত করছে বলেও জানিয়েছেন মানসুদ।
চলতি মাসেই কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৯তম আসরে প্রিমিয়ার হয়েছে সিনেমাটির। সেখানে সাবার প্রদর্শনী হয়েছিল চারটি।
'সাবা’ সিনেমার গল্প সাবা এবং তার মাকে কেন্দ্র করে। মা-মেয়ের সম্পর্কের মধ্যে আবির্ভাব ঘটে অঙ্কুর নামের এক তরুণের, যাকে কেন্দ্র করে সাবার জীবনের বাঁক বদল হয়।
সিনেমায় সাবা হয়েছেন মেহজাবীন, তার মা শিরিনের চরিত্রটি রোকেয়া প্রাচী করেছেন। অঙ্কুর চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার।
দীর্ঘ একুশ বছর ধরে নির্মাণের সঙ্গে যুক্ত রয়েছেন মাকসুদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে বিজ্ঞাপন, নাটক ও শর্টফিল্ম বানিয়েছেন তিনি। অভিনেত্রী মেহজাবীনেরও প্রথম সিনেমা এটি।
বাংলাদেশের দর্শক ‘সাবা’ সিনেমাটি দেখতে পাবে আগামী বছরের শুরুতে।
মাকসুদ বলেন, "এই বছরটা বিভিন্ন উৎসবে সিনেমাটি নিয়ে ঘুরে বেড়াব। তারপর বাংলাদেশে মুক্তির প্রস্তুতি নেওয়া হবে।"