Published : 13 Jul 2026, 01:25 PM
বিশ্বকাপ ফুটবলের শেষ মুহুর্তের উন্মাদনার এই সময়ে ওটিটি প্ল্যাটফর্মে এসেছে বাংলাদেশের ফুটবল ইতিহাস নিয়ে নির্মিত দুইটি সিনেমা।
সিনেমাগুলো হল ‘দামাল’ এবং ‘জাগো’
ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিনে’ দেখা যাচ্ছে সিনেমা দুইটি। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই দুইটি সিনেমাই মূলত ফুটবলকে কেন্দ্র করে গড়ে ওঠা আবেগ, দেশপ্রেম, সংগ্রাম ও বিজয়ের গল্প।
বিজ্ঞপ্তিতে আইস্ক্রিন জানিয়েছে, বিশ্বজুড়ে চলমান ফুটবল বিশ্বকাপের এই মৌসুমে দর্শকদের বাড়তি বিনোদন দিতেই সিনেমা দুটি একসঙ্গে স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা হয়েছে। মাঠের রোমাঞ্চের পাশাপাশি পর্দায় ফুটবলের আবেগ উপভোগ করতে পারবেন দর্শকরা।
স্বাধীন বাংলা ফুটবল দলের গল্পে ‘দামাল’
২০২২ সালের ২৮ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তারকাবহুল সিনেমা ‘দামাল’। এটি পরিচালনা করেছেন নির্মাতা রায়হান রাফী।
মুক্তিযুদ্ধের সময় গড়ে তোলা ‘স্বাধীন বাংলা ফুটবল দল’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির গল্প তৈরি করা হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে জনমত তৈরি এবং মুক্তিযোদ্ধাদের সহায়তার জন্য অর্থ তহবিল গঠনের লক্ষ্যে স্বাধীন বাংলা ফুটবল দল ভারতের বিভিন্ন রাজ্যে মোট ১৬টি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল।
সেই ঐতিহাসিক ঘটনাকে একটি কাল্পনিক কাহিনীর আশ্রয়ে পর্দায় তুলে ধরেছেন নির্মাতা।
ফরিদুর রেজা সাগরের গল্পে এবং রায়হান রাফী ও নাজিম উদ দৌলার যৌথ চিত্রনাট্যে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা সিনহা সাহা মীম, শরিফুল রাজ, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, সুমিত সেনগুপ্ত ও রাশেদ মামুন অপুসহ আরও অনেকে। মুক্তির পর সিনেমাটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে বেশ প্রশংসা কুড়ায়।
খিজির হায়াতের ‘জাগো’
‘জাগো’ সিনেমাটি ২০১০ সালের ১৫ জানুয়ারি মুক্তি পেয়েছিল। সিনেমাটি পরিচালনা করেছেন খিজির হায়াত খান।
ক্রীড়াভিত্তিক এই ড্রামা ঘরানার সিনেমাটিতে মূলত মফস্বলের একঝাঁক তরুণ ফুটবলারের স্বপ্ন, আন্তর্জাতিক দলের বিপক্ষে লড়াই ও দেশপ্রেমের গল্প তুলে ধরা হয়েছে।
‘জাগো’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা হয়েছিল চিত্রনায়ক আরিফিন শুভর। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, আফসানা আরা বিন্দু, রওনক হাসান, তারিক আনাম খান, শশী ও নাঈম। সিনেমাটির সংগীত পরিচালনা করেছিলেন শায়ান চৌধুরী অর্ণব, যার গানগুলো সে সময় বেশ জনপ্রিয় হয়েছিল।