আইসিইউতে কাজলের মা তনুজা
বার্ধক্যের কিছু জটিলতা থেকে তনুজা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন, এরপর তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হিন্দি ও বাংলা সিনেমার প্রবীণ অভিনেত্রী তনুজা মুখার্জি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আনন্দবাজার লিখেছে, বলিউড অভিনেত্রী কাজলের মা তনুজা বার্ধক্যের কিছু জটিলতা থেকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল।
মারঠি পরিবারের জন্ম নেওয়া তনুজার বয়স হয়েছে ৮০ বছর। পরিচালক কুমারসেন সমর্থ এবং অভিনেত্রী শোভনা সমর্থের মেয়ে তনুজা সমর্থ, ১৯৯৪ সালে বাঙালি পরিচালক সমু মুখার্জিকে বিয়ে করে হয়ে যান তনুজা মুখার্জি। তার বড় মেয়ে কাজল ও জামাতা অজয় দেবগন বলিউডের তারকা দম্পতি।
সিনেমায় অনিয়মিত তনুজা মুম্বাইয়েই থাকেন। বলিউডের সিনেমা সংশ্লিষ্ট নানা ধরনের অনুষ্ঠানেও এই বর্ষীয়ান অভিনেত্রীকে তেমন একটা দেখা যায় না। তবে মুখার্জির বাড়ির দুর্গাপূজায় বরাবর মেয়েদের নিয়ে উপস্থিত হন তিনি। এবারের পূজার কয়েকটা দিনও তাকে শ্বশুরবাড়িতে দেখা গেছে।
শিশুশিল্পী হিসেবে ১৯৫০ সালে হিন্দি সিনেমা ‘হামারি বেটি’ দিয়ে তনুজার অভিনয় শুরু। আর নায়িকা হিসেবে অভিষেক হয় ১৯৬০ সালে, হিন্দি সিনেমা ‘ছাবিলি’ দিয়ে। খ্যাতি আসে পরের বছর ১৯৬২ সালে ‘হামারি ইয়াদ আয়েগি’ সিনেমায়। ষাটের দশকে বাংলা ও হিন্দি সিনেমায় সমানতালে কাজ করেছেন তনুজা।
মহানায়ক উত্তমকুমারের ‘দেয়া নেয়া’ সিনেমায় নায়িকা হন তনুজা। এছাড়া ‘অ্যান্টনি-ফিরিঙ্গি’ ও ‘রাজকুমারী’ সিনেমাতেও তাকে উত্তম কুমারের সঙ্গে দেখা গেছে।
উত্তমকুমার ছাড়াও সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে তনুজা অভিনয় করেছেন ‘তিন ভুবনের পাড়ে’ ও ‘প্রথম কদম ফুল’সহ কয়েকটি সিনেমায়।
‘বাহারে ফির ভি আয়েঙ্গি’, ‘জুয়েল থিফ’, ‘হাতি মেরে সাথি’, ‘মেরে জীবন সাথী’ ‘একবার মুসকরা দো’ মত আরও কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তনুজা। তাকে ২০১৮ সালে সর্বশেষ দেখা গেছে কলকাতার ‘সোনার পাহাড়’ সিনেমায়।
