Published : 04 May 2026, 01:54 PM
দল গড়ার পর প্রথমবার ভোটে দাঁড়িয়েই দুই আঞ্চলিক পরাশক্তিকে হটিয়ে বিজয়কেতন ওড়াতে চলেছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি চলচ্চিত্রজগতে বিজয় থালাপতি নামেই বেশি পরিচিত।
তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) তামিল নাড়ু বিধানসভার ২৩৪ আসনের মধ্যে ১০৪টিতে এগিয়ে আছে বলে এনডিটিভির সর্বশেষ টালিতে দেখা যাচ্ছে।
ক্ষমতাসীন দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে) ও তার মিত্ররা এগিয়ে মাত্র ৫৮টি আসনে। এই রাজ্যে ডিএমকের সঙ্গে জোট বেঁধেছিল কংগ্রেস ও দেশিয়া মুরপোক্কু দ্রাবিড়া কাজাগাম (ডিএমডিকে)।
তাদের দীর্ঘদিনের প্রতিপক্ষ, তামিল নাড়ুর অন্যতম প্রভাবশালী দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (এআইএডিএমকে) নেতৃত্বাধীন জোট এগিয়ে ৭১টি আসনে।
২০২১ সালের নির্বাচনে এ রাজ্যে ডিএমকে ও তার মিত্ররা পেয়েছিল ১৫৯টি আসন। এআইএডিএমকে জিতেছিল ৭৫টি।
বিজয়ের টিভিকের যাত্রা শুরু হয় ২০২৪ সালে। দুই বছরের মধ্যেই তারা ডিএমকে ও এআইএডিএমকেকে হটিয়ে বিধানসভা নির্বাচনে সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে।
এ রাজ্যে এককভাবে সরকার গড়তে কোনো দল বা জোটের ১১৮টি আসন লাগবে।
৫০ বছর বয়সি এই দক্ষিণী তারকার জন্ম চেন্নাইয়ে। বিজয়ের বাবা এস এ চন্দ্রশেখর কলিউডের একজন নামকরা চিত্রপরিচালক ছিলেন। বাবার পরিচালিত ১৫টি সিনেমায় বিজয় কাজ করেছেন।
রাজনীতিতে নিজেকে পুরোপুরি বিলিয়ে দেবেন বলে রুপালি পর্দাকে এর মধ্যে বিদায়ও জানিয়েছেন এই তারকা।
দীর্ঘদিন সেন্সর জটিলতায় আটকে থাকার পর তার সর্বশেষ সিনেমা ‘জন নায়গন’ প্রেক্ষাগৃহে আসছে আগামী ৮ মে। এটি বিজয়ের সর্বশেষ কাজ বলে রাজনৈতিক অ্যাকশনধর্মী এই সিনেমা নিয়ে আলোচনার শেষ নেই।
বড় পর্দার 'থালাপতি বিজয়' কি পারবেন রাজনীতির ময়দান জয় করতে?