Published : 16 Dec 2025, 08:14 PM
একাত্তরে বিজয়ের সেই মাহেন্দ্রক্ষণ স্মরণ করে এবারও জাতীয় সংগীত, গান ও সম্মিলিত নৃত্যানুষ্ঠানের মাধ্যমে বিজয় উৎসব উদযাপন করেছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি আবাহনী ক্লাব মাঠে বিকাল ৩টা ৫০ মিনিটে জাতীয় সংগীতের সঙ্গে কণ্ঠ মিলিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে উদযাপন অনুষ্ঠান শুরু হয়।
আয়োজনের সমাপ্তি হয় ৪টা ৩১ মিনিটে জাতীয় সংগীত গেয়ে। এবারের আয়োজনে ছিল নৃত্যসহ পাঁচটি সম্মেলক নৃত্যগীত ও দুটি সম্মেলক গান। একক গান ‘আমি দাম দিয়ে কিনেছি বাংলা’ পরিবেশন করেন চন্দনা মজুমদার। একটি একক আবৃত্তি ‘বাতাসে লাশের গন্ধ পাই’ পরিবেশন করেন জয়ন্ত রায়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন ছায়ানটের সভাপতি ডা. সারওয়ার আলী, দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান এবং ছায়ানটের সহসভাপতি খায়রুল আনাম শাকিল ও সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।
সাংস্কৃতিক জাগরণের সঙ্গে মানবিক বোধ সঞ্চারের লক্ষ্যে এই মিলনানুষ্ঠান ২০১৫ সাল থেকে আয়োজন করে আসছে ছায়ানট।
করোনাভাইরাস মহামারীর কারণে ২০২০ সালে এ আয়োজনে ছেদ পড়ে। পরের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তির অনুষ্ঠানের কারণে এ আয়োজন করতে পারেনি ছায়ানট। ২০২৪ সালে আয়োজনটি করা হয় ছায়ানট মিলনায়তনে।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে দীপ্ত টেলিভিশন এবং পুরো আয়োজন সরাসরি দেখানো হয় ছায়ানটের ফেইসবুক পেইজ (facebook.com/chhayanautbd) ও ইউটিউব চ্যানেলে (youtube.com/@chhayanautbd)।
উদযাপন অনুষ্ঠানে বিজয়ের দিনে ভেদাভেদ দূরে ঠেলে জাতীয় পতাকার সবুজে দেহ ও মন রাঙিয়ে সর্বান্তকরণে ষোল আনা বাঙালি হয়ে ওঠার আহ্বান জানানো হয় সবাইকে।