২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ ও স্ট্যাথামের ‘মিউটিনি’ দেখা যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে

‘ডুমসডে’র মূল প্রেক্ষাপট সহজে বুঝতে দর্শকদের জন্য ১৫টি বিশেষ কাজের তালিকা সাজিয়েছে মার্ভেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 01:35 PM

Updated : 26 Sep 2026, 01:35 PM

হলিউডের মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বিশেষ সংস্করণ ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ এবং জেসন স্ট্যাথাম অভিনীত অ্যাকশন-থ্রিলার ‘মিউটিনি’ সিনেমা দুইটি দেখা যাচ্ছে ঢাকার প্রেক্ষাগৃহে।

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মুক্তির তারিখ মিলিয়ে দেশের বৃহৎ মাল্টিপ্লেক্স ‘স্টার সিনেপ্লেক্স’-এ সিনেমা দুইটি এসেছে।

এক বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, শুক্রবার থেকে তাদের সবগুলো শাখায় দেখা যাচ্ছে সিনেমা দুইটি।

‘ডুমসডে’র সেতু হয়ে ফিরল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’

আগামী ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমার পুরোনো স্মৃতিকে মনে করিয়ে দিতে নির্মিত হয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ সিনেমাটি।

‘ডুমসডে’র মূল প্রেক্ষাপট সহজে বুঝতে দর্শকদের জন্য যে ১৫টি বিশেষ কাজের তালিকা সাজিয়েছে মার্ভেল, এটি তারই অংশ।

১৮৫ মিনিটের এই বিশেষ সংস্করণে যুক্ত করা হয়েছে নতুন এক ভূমিকা এবং শেষ দৃশ্য। পরিচালক জো রুশোর মতে, নতুন সংযোজনটি নিছক দৃশ্যের সম্প্রসারণ নয়; এটি মূলত ‘ডুমসডে’র প্রেক্ষাপটের সঙ্গে একটি সংযোগ সেতু হিসেবে কাজ করবে।

কার্গো জাহাজে স্ট্যাথামের প্রতিশোধের গল্পে ‘মিউটিনি’

হলিউডের অ্যাকশন তারকা জেসন স্ট্যাথামের এই সিনেমাটি নিয়ে ও দর্শকের বেশ আগ্রহ ছিল বলে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স।

জ্যাঁ-ফ্রাঁসোয়া রিশে পরিচালিত ‘মিউটিনি’ সিনেমায় স্ট্যাথামকে দেখা যাবে কোল রিড চরিত্রে।

সিনেমাটি নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশাল কার্গো জাহাজের ভেতরে বন্দুকযুদ্ধ, মারামারি, ধাওয়া এবং বিস্ফোরণের পাশাপাশি জেসন স্ট্যাথামের পরিচিত সেই অ্যাকশন দৃশ্য দেখা যাবে এখানে।

‘আর-রেটেড’ এই সিনেমায় কোনো দীর্ঘ ড্রামা ছাড়াই রুদ্ধশ্বাস থ্রিল ও অ্যাকশনের ওপর জোর দেওয়া হয়েছে। সাগরের বুকে একটি নির্দিষ্ট কার্গো জাহাজের আটকা পড়া আবহে স্ট্যাথামের অ্যাকশন দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখবে।

নতুন এই দুই সিনেমা মুক্তি নিয়ে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “মার্ভেল ভক্তদের জন্য ‘এন্ডগেম’ সবসময়ই আবেগের। নতুন ফুটেজ থাকায় এটি নিয়ে দর্শকদের আলাদা কৌতূহল রয়েছে।

“অন্যদিকে জেসন স্ট্যাথামের অ্যাকশন সিনেমার একটা বড় দর্শকশ্রেণি রয়েছে আমাদের। আমরা আশা করছি, সিনেমা দুটি দর্শকদের প্রত্যাশা পুরোপুরি মেটাতে সক্ষম হবে এবং প্রেক্ষাগৃহে দারুণ সাড়া পাওয়া যাবে।”