১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত গিটারিস্ট ‘লি’

আমেরিকান রক গিটারিস্ট জেক ই লি এখন লাস ভেগাসের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন।

এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত গিটারিস্ট ‘লি’
আমেরিকান রক গিটারিস্ট জেক ই লি

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2024, 08:59 PM

Updated : 10 Sep 2026, 12:20 PM

আমেরিকান রক গিটারিস্ট জেক ই লি গুলিতে আহত হয়েছেন। 

লাস ভেগাসের নেভাদায় এই শিল্পীকে লক্ষ্য করে একাধিক গুলি করা হয়। 

পরে আশঙ্কাজনক অবস্থায় এই রক গিটারিস্টকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে সিএনএন। 

গিটারিস্টের একজন প্রতিনিধি জানিয়েছেন, লি লাস ভেগাসের একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন। তিনি পুরোপুরি সচেতন আছেন এবং সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা যাচ্ছে। 

জানা গেছে, কুকুরকে বেড়াতে নিয়ে যাওয়ার সময় এই মিউজিশিয়ানের উপর একাধিকবার গুলি চালানো হয়। 

লাস ভেগাস মেট্রো পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, রাত ২:৪০ নাগাদ রাস্তায় এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটে। 

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, অফিসাররা এসে দেখেন এক ব্যক্তি বন্দুকের গুলিতে আহত হয়েছেন। ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত চলছে এবং এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

১৯৮০ এর দশকে ওজি অসবোর্নের সঙ্গে  গিটারিস্ট জেক ই লি’র যুগলবন্দি মাতিয়ে রাখত সংগীতপ্রেমীদের। র‌্যান্ডি রোডসের মৃত্যুর পরে ১৯৮২ সালে অসবোর্নের প্রধান গিটারিস্ট হিসেবে যুক্ত হন। 

তিনি ‘বার্ক অ্যাট দ্য মুন’ (১৯৮৩) এবং ‘দ্য আলটিমেট সিন’ (১৯৮৬)-এর মতো ক্লাসিক অ্যালবামের অংশ ছিলেন। 

অসবোর্ন ছাড়াও তিনি হেভি মেটাল গ্রুপ ‘ব্যাডল্যান্ডস’ প্রতিষ্ঠা করেছিলেন রে গিলেন এবং এরিক সিঙ্গারের সঙ্গে। ২০১৩ সালে তিনি রেড ড্রাগন কার্টেল ব্যান্ডও গঠন করেন।