১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নিষিদ্ধ হলেন রাণবীর, যত কিছু ‘ডন’ ঘিরে

“যতদিন না প্রযোজনা সংস্থাকে রাণবীর ৪৫ কোটি টাকা মেটাচ্ছেন, ততদিন পর্যন্ত নিষিদ্ধ থাকবেন অভিনেতা।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2026, 03:36 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

‘ধুরন্ধর’ সিনেমা দিয়ে বক্স অফিসকে দুহাতে ভরিয়ে দিয়েও ‘ডন’ সিনেমার জন্য বিপাকে পড়েছেন বলিউডি অভিনেতা রাণবীর সিং। 

‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ (এফডব্লিউআইসিই) এর পক্ষ থেকে অভিনেতাকে বলিউডে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

ইন্ডাস্ট্রির অন্যেরা যাতে রাণবীরের সঙ্গে কাজ না করেন, সেই ব্যাপারেও নির্দেশ দিয়েছে এই সংগঠন; ‘ডন’ সিনেমা নিয়ে পরিচালক-প্রযোজক ফারহান আখতারকে নাকানি-চোবানি খাওয়ানোর কারণে বিপদের এই খাড়া নামলো অভিনেতার উপর। 

এফডব্লিউআইসিই জানিয়েছে, ‘ডন’ সিনেমা নিয়ে উপস্থিত হয়ে কথা বলার জন্য রাণবীরকে একাধিকবার চিঠি পাঠানো সত্ত্বেও অভিনেতা সংস্থার সামনে হাজির হননি।

রাণবীর সিংয়ের আনুষ্ঠানিক মুখপাত্র একটি বিবৃতিতে বরেন,, "রাণবীর চলচ্চিত্র জগৎ এবং 'ডন' ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত সবার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা পোষণ করেন। 'ডন ৩' ঘিরে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে তিনি সচেতনভাবে নীরব থাকার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ তিনি বিশ্বাস করেন যে পেশাগত আলোচনা এবং ব্যক্তিগত সম্পর্ক মর্যাদা, পরিপক্কতা এবং পারস্পরিক শ্রদ্ধার সঙ্গেই সবচেয়ে ভালোভাবে সামলানো যায়।

“তিনি আন্তরিকভাবে ফ্র্যাঞ্চাইজিটির অব্যাহত সাফল্য কামনা করেন। এই ধরনের মুহূর্তে সংযম ও মর্যাদা বেছে নেওয়াটা সবসময়ই তার একটি সচেতন সিদ্ধান্ত, এবং তিনি এই একই অবস্থান বজায় রাখবেন।“

‘ধুরন্ধর’ সাফল্যের পর ফারহান আখতারের ‘ডন ৩’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন রণবীর সিং। মাঝপথে সিনেমার কাজ থেমে যাওয়ায় রাণবীর সিংয়ের থেকে ফেব্রুয়ারি মাসেই ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছিলেন ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানি। যদিও ‘প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া’র বৈঠকে ‘সেই টাকা দেওয়া আমার দায় নয়’ বলে সরে গিয়েছিলেন রাণবীর। 

পরে তিনি ১০ কোটি টাকা দিয়ে মিটমাট করাতে চেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত বিষয়টি মেটেনি। তাই এফডব্লিউআইসিই-এর পক্ষ থেকে বলা হয়েছে, যতদিন না প্রযোজনা সংস্থাকে রণবীর ৪৫ কোটি টাকা মেটাচ্ছেন, ততদিন পর্যন্ত নিষিদ্ধ থাকবেন অভিনেতা। 

এফডব্লিউআইসিই-এর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, “এফডব্লিউআইসিই বিশ্বাস করে,  ইন্ডাস্ট্রি একটা পরিবারের মত কাজ করে। প্রত্যেকের ভিন্ন শিল্পসত্তা রয়েছে এবং প্রতিটি দপ্তর কাজ করে একটা নতুন কিছু সৃষ্টির জন্য। 

“এই ফেডারেশনের মধ্যে রয়েছেন টেকনিশিয়ান, কর্মী, প্রযোজক, পরিচালক, সদস্য — প্রত্যেকে এই পরিবারের অংশ। প্রত্যেকে পেশাদার দায়বদ্ধতা, সম্মান বজায় রেখে একটা পরিবারের মতো কাজ করে।”

তবে এফডব্লিউআইসিইয়ের তবে এই নির্দেশনা আইনগতভাবে কতটা কার্যকর, আর রাণবীরের ক্যারিয়ারে এর কী প্রভাব পড়তে পারে, তা নিয়েই এখন জোর আলোচনা চলছে বলিউডে।

এদিকে হংসল মেহতা প্রযোজিত ও জয় মেহতা পরিচালিত রাণবীরের নতুন পোস্ট-অ্যাপোক্যালিপটিক থ্রিলার সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে অগাস্ট মাসে।