১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাণবীর ও সালমানের সঙ্গে যুদ্ধে নারাজ আলিয়া, পেছাল ‘আলফা’

আলিয়া ভাটের প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইন প্রোডাকশনের নতুন কমিং-অফ-এজ রোম-কম ‘ডোন্ট বি শাই’ প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2026, 12:55 PM

Updated : 26 Aug 2026, 03:08 PM

বলিউডের প্রভাবশালী প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের ‘পুরুষতান্ত্রিক’ স্পাই ইউনিভার্সের ভিড়ে নারী গোয়েন্দা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন আলিয়া ভাট। সেই সিনেমার মুক্তির দিনক্ষণ ঠিক হলেও তা পিছিয়ে গেছে।

নিউজ এইট্টিন ও কলকাতার সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ লিখেছে,  ঈদে মুক্তি পাবে রাণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। সিনেমার ট্রেইলার আভাস দিচ্ছে সিনেমাটি প্রথম পর্বের মত বক্স অফিসে ঝড় তুলবে।

এছাড়া এপ্রিলের পরিবর্তে ভারতের স্বাধীনতা দিবসের আগে সালমান খান আসছেন ‘ব্যাটেল অফ গালওয়ান’ নিয়ে। দুই নায়কের সিনেমার সঙ্গে আলিয়া অভিনীত ‘আলফা’ নিয়ে টক্কর এড়িয়ে চলতে চায় আদিত্য চোপড়ার যশরাজ ফিল্মস।

এর মধ্যে সিনেমার পোস্টার প্রকাশ হয়েছে, সেইসঙ্গে জানা গেছে নতুন তারিখও। 

যশরাজ ফিল্মস বলছে, আগামী ১০ জুলাই আলিয়া ভাট, শর্বরী ওয়াঘ এবং ববি দেওল, অনিল কাপুর অভিনীত গোয়েন্দা গল্পের সিনেমা ‘আলফা’ আসবে প্রেক্ষাগৃহে।

এদিকে আরও একটি চমক নিয়ে আসছেন আলিয়া। তার প্রযোজিত প্রথম সিনেমা ‘ডারলিংস’ ওটিটিতে মুক্তির পর দর্শক-সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছিল। এবার আরও এক নতুন প্রকল্প নিয়ে আসছেন অভিনেত্রী।

আলিয়া ভাটের প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইন প্রোডাকশনের নতুন কমিং-অফ-এজ রোম-কম ‘ডোন্ট বি শাই’ প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। সিনেমাটি লিখেছেন ও পরিচালনা করবেন শ্রীতি মুখার্জি।

অভিনেত্রী জানান, এই প্রকল্পটি তার কাছে বিশেষ কিছু, কারণ এমন সাহসী গল্প বলার সুযোগ সব সময় আসে না।