‘শিকলবাহা’ সিনেমার প্রিমিয়ার সাংহাই উৎসবে
‘শিকলবাহা’ সিনেমা নির্মাণ করতে প্রায় দশ বছর সময় লেগেছে নির্মাতার।
বাংলাদেশের পরিচালক কামার আহমাদ সাইমনের ‘শিকলবাহা’ সিনেমার প্রিমিয়ার হয়েছে চীনের সাংহাই ফিল্ম আর্ট সেন্টারে।
পরিচালক সাইমন এক বিজ্ঞপ্তিতে জানান, সাংহাই উৎসবে চলতি বছর বিশ্বের ১০৫টি দেশ থেকে ৩,৭০০টির বেশি সিনেমা প্রতিযোগিতার জন্য জমা পড়ে। এর মধ্যে বাছাই করা ১৪টি সাংহাইয়ের মূল প্রতিযোগিতা বিভাগ ‘গোল্ডেন গবলেট’-এ মনোনীত হয়েছে। ওই ১৪টির মধ্যে ‘শিকলবাহা’ একটি।
সিনেমার প্রিমিয়ারে গত রোববার উপস্থিত ছিলেন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা ফৌজিয়া করিম অণু, পরিচালক সাইমন ও প্রযোজক সারা আফরীন।
প্রিমিয়ারের আগের দিন মূল প্রতিযোগিতার কুশলী হিসেবে চীনের এই চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটেছেন সাইমন, সারা ও অণু। প্রিমিয়ার শেষে দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বেও তারা অংশ নেন।
অভিনেত্রী অণু বলেন, “জীবনের প্রথম সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার, তাও সাংহাইয়ের মূল প্রতিযোগিতায়। হল ভর্তি দর্শক সিনেমা দেখেছেন। রাতটা একটা ঘোরের মধ্যে কেটেছে।”
পরদিন সকালটি চমক দিয়ে শুরু হয়েছিল জানিয়ে অণু বলেন, “সকালে ঘুম ভাঙে সাংহাই ক্রাউন প্লাজা হোটেলের রিসেপশনের ফোনে। ওরা জানায় এক তোড়া গোলাপের সঙ্গে একটি মুকুট আর কার্ড এসেছে আমার নামে। হাতে পেয়ে দেখি সেই কার্ডে লেখা আছে ‘আপনার ১ নম্বর ভক্ত’। এর অনুভূতি জানানোর ভাষা নাই আমার।”
ইউরোপের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জার্মানির উইডেম্যান ব্রোস ও বাংলাদেশের স্টুডিও বিগিংয়ের যৌথ প্রযোজনায় ‘শিকলবাহা’ নির্মাণ করা হয়েছে।
‘শিকলবাহা’ পর্দায় আনতে প্রায় দশ বছর সময় লেগেছে পরিচলাকের। চিত্রনাট্য লেখার পর তা নিয়ে কাজ শুরু না করে গত এক দশকে আরও তিনটি সিনেমা তৈরি করেছেন বলে জানান সাইমন।
"শিকলবাহা আমার প্রথম লেখা স্ক্রিপ্ট। কিন্তু এটা শুরু করার আগেই 'শুনতে কি পাও!' সিনেমায় ঢুকে পরেছিলাম, এরপর 'নীল মুকুট', 'অন্যদিন'। এই সিনেমাগুলো বানাতে বানাতে কখন যে সময় চলে গেল! সিনেমা নিয়ে আমার মধ্যে কোনো তাড়া কাজ করে না, বরং একটা সিনেমা নিয়ে বছরের পর বছর ডুবে থাকতে আমার বেশি ভালো লাগে।"
এই সিনেমার জন্যই পর পর দুই বছর বার্লিন চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক প্রেস্টিজ গ্রান্ট ওয়ার্ল্ড সিনেমা ফান্ডের জন্য নির্বাচিত হয়েছিলেন সাইমন। এছাড়াও গোটেবার্গ চলচ্চিত্র উৎসবের স্ক্রিপ্ট গ্রান্ট এবং জাতীয় চলচ্চিত্র অনুদান পেয়েছিল ‘শিকলবাহা’।
