১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হৃত্বিকের জন্মদিনেই এল বিয়ের খবর, কনে সবার চেনা

গতবছর হৃত্বিক ও সাবা আজাদের প্রেমকাহিনীতে মুখর ছিল বলিউড।

হৃত্বিকের জন্মদিনেই এল বিয়ের খবর, কনে সবার চেনা

বলিউডের নায়ক হৃত্বিক রোশানের লম্বা সময়ের একাকী জীবনে সাবার নামটি প্রথম শোনা যায় গত বছর

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2023, 09:03 PM

Updated : 10 Jan 2023, 09:03 PM

বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের ৪৯তম জন্মবার্ষিকীতেই এলো তার দ্বিতীয় বিয়ের খবর; জানা গেছে এ বছরই প্রেমিকা সাবা আজাদের সঙ্গে চার হাত এক হচ্ছে তার।

গতবছর হৃত্বিক ও সাবা আজাদের প্রেমকাহিনীতে মুখর ছিল বলিউড। হৃত্বিকের লম্বা সময়ের একাকী জীবনে সাবার নামটি শোনা যায় গত বছরের মাঝামাঝি সময়ে। প্রেমের শুরু থেকেই অবশ্য দুজনের কেউ বিষয়টি নিয়ে তেমন লুকোছাপা করেননি।

১৬ বছরের ছোট সাবার সঙ্গে হৃত্বিককে হাত ধরাধরি করে প্রথম দেখা যায় মুম্বাই এয়ারপোর্টে। এরপর তারা জুটি বেঁধে দেখা দেন করণ জোহরের জন্মদিনের অনুষ্ঠানে।

প্যারিসের রাস্তা আর লন্ডনের জ্যাজ ক্লাব থেকে সাবাকে সঙ্গে নিয়ে ভিডিও পোস্ট করেছিলেন হৃত্বিক। দুজনে হাজির হয়েছেন বেশ কিছু পার্টিতে, সে সব পার্টিতে দুজনে এক রঙের পোশাক পরেও খবরে এসেছেন।

কিছুদিন আগে শোনা যায়, মুম্বাইয়ে অ্যাপার্টমেন্ট কিনে এই জুটি একসঙ্গে থাকছেন। বাদ ছিল শুধু বিয়ের খবর, এবার সেটাও এল।

বলিউড লাইফ ডটকম বলছে, সাবাকে ঘরনী বানানোর সিদ্ধান্তে খুশি হৃত্বিকের পরিবার। হৃত্বিকের দুই ছেলে রেহান-হৃদানেরও আপত্তি নেই।

হৃত্বিক ও সুজান খানের ১৪ বছরের সংসার ভেঙে যায় ২০১৪ সালে। এরপরেও অটুট ছিল তাদের বন্ধুত্ব। এমনকি সংগীতশিল্পী সাবাকে ‘সুপার কুল' এবং ‘অতি প্রতিভাবান' বলে প্রশংসাও করেন ইন্টেরিয়র ডিজাইনার সুজান।

এ মুহুর্তে হৃত্বিক-সাবার হাতে বেশ কিছু কাজ রয়েছে। সেগুলো মিটিয়েই এ বছর সুবিধাজনক একটি সময়ে বিয়ের পিঁড়িতে বসবেন দুজন। পরিবারের সবাই থাকবেন সেই বিয়েতে।

দীপিকা পাড়ুকোনের সঙ্গে ফাইটার সিনেমার শুটিংয়ে ব্যস্ত এখন হৃতিক। এই প্রথম একসঙ্গে বড় পর্দায় আসতে চলেছেন দুই তারকা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি ২০২৪ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে।

২০০৮ সালে ‘দিল কাবাডি’ সিনেমা দিয়ে বড় পর্দায় আসেন সাবা। ২০১১ সালে ‘মুছঝে ফ্রেন্ডশিপ কারোগি’ সিনেমায় আবার দেখা যায় তাকে। তবে তেমন আলোচনায় আসেনি সিনেমাটি। পরে ওয়েব সিরিজ ও নেটফ্লিক্সের দুটি অ্যান্থলজিতে তিনি কাজ করেছেন।

নেটফ্লিক্সের ‘ফিলস লাইক ইশক’ সিনেমায় সাবার অভিনয়ে মুগ্ধ হয়ে হৃত্বিক টুইটারে প্রশংসা করেন। উত্তরে সাবা ‘স্যার’ সম্বোধন করে হৃত্বিককে বার্তা পাঠান সরাসরি মোবাইলে। সেই ‘স্যার’ই এখন তার স্বামী হতে চলেছে।

পুরনো খবর

পুরানো খবর:

হৃত্বিকের ‘নতুন প্রেমিকা’র প্রশংসায় সাবেক স্ত্রী

পুরানো খবর:

হৃত্বিকের হাত ধরা এই তরুণী কে?

পুরানো খবর:

শ্বেতশুভ্র পোশাকে ফুরফুরে হৃত্বিক-সাবা