Published : 25 Mar 2026, 10:52 AM
কিংবদন্তি কমিক শিল্পী ফ্র্যাঙ্ক মিলার প্রথমবারের মতো জনপ্রিয় ‘টিনেজ মিউট্যান্ড নিনজা টার্টলস’ (টিএমএনটি) কমিকসের প্রচ্ছদ এঁকেছেন। দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, টিএমএনটি কমিকসের ৩০০তম সংখ্যার প্রচ্ছদ এঁকেছেন মিলার।
কমিকস ও গ্র্যাফিক নভেলের জন্য বিশ্বখ্যাত মিলার ‘ডেয়ারডেভিল’, ‘ইলেকট্রা’, ‘থ্রি হান্ড্রেড’, ‘সিন সিটি’র মত গ্র্যাফিক নভেল উপহার দিয়েছেন পাঠকদের। এর সবগুলো থেকেই হলিউডে তৈরি হয়েছে ব্লকবাস্টার সিনেমা ও টিভি সিরিজ।
টিএমএনটির সৃষ্টিকর্তা কেভিন ইস্টম্যান ও পিটার লেয়ার্ডও দারুণ ভক্ত ছিলেন মিলার। আশির দশকে মিলারের আঁকা ‘ডেয়ারডেভিল’ থেকে অনুপ্রাণিত হয়ে তারা টিএমএনটি কমিকস তৈরি করেন।
মিলার এক বিবৃতিতে বলেন, “ডেয়ারডেভিল থেকে অনুপ্রাণিত হয়ে কেভিন ও পিটারের এই নিনজাদের সৃষ্টি করা ও সেটা মাথায় রেখে তাদের সঙ্গে প্রচ্ছদের কাজে নেমে পড়ার বিষয়টাতে বেশ মজা পেয়েছি। এটা শুধু ভক্তদের জন্য।”
ইস্টম্যান ও লেয়ার্ডের নিজস্ব প্রকাশনা মিরাজ স্টুডিওস থেকে ১৯৮৪ সালে প্রথমবার বাজারে আসে ‘টিনেজ মিউট্যান্ট নিনজা টার্টলস’। ২০১১ সাল থেকে টিএমএনটি প্রকাশ করছে আইডিডব্লিউ।
১৯৮৪ থেকে এখন পর্যন্ত টিএমএনটি নিয়ে যত কমিকস, টিভি সিরিজ, অ্যানিমেটেড সিরিজ ও সিনেমা প্রকাশিত হয়েছে সবকিছুকে মাথায় নিয়েই ৩০০তম সংখ্যাটি প্রকাশিত হচ্ছে। আগামী ২২ জুলাই প্রকাশিত হবে সংখ্যাটি।

মিলারের পাশাপাশি প্রচ্ছদের অন্যান্য কমিক শিল্পীরাও জনপ্রিয় এই কমিকের মাইলফলক সংখ্যার জন্য প্রচ্ছদ আঁকছেন। যার মধ্যে রয়েছেন জে. স্কট ক্যাম্পবেল ও হুয়ান ফেরেইরা। ইস্টম্যান ও লেয়ার্ডও টিএমএনটির ৩০০তম সংখ্যার জন্য প্রচ্ছদ আঁকছেন। সেটিকে পাঠকদের জন্য চমক হিসেবে রাখা হলেও দ্য হলিউড রিপোর্টার তার পাঠকদের জন্য একটা ধারণা দিয়েছে কেমন হতে পারে প্রচ্ছদটি। তাদের আশা এটি বছরের অন্যতম জনপ্রিয় ও ব্যবসাসফল কমিক হতে যাচ্ছে।
কমিকসের পাশাপাশি ইউটিউবেও এ বছর সরব থাকবে টার্টলরা। প্যারামাউন্ট পিকচার্স এ বছর ‘টাইনি মিউট্যান্ট নিনজা টার্টলস’ নামের একটি ৩০ পর্বের অ্যানিমেটেড সিরিজ মুক্তি দিতে যাচ্ছে। যেখানে টার্টলদের শুরুর দিককার কাহিনীগুলো তুলে ধরা হবে।