১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘পড়তে বস, এই লোক কি জিনিস তোমাদের আইডিয়া নাই’: মিলনকে নিয়ে সাজ্জাদ

“আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল ২৮%!!! আর এই ভদ্রলোক ছিলেন শিক্ষাপ্রতিমন্ত্রী।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2026, 05:23 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

শিক্ষার্থীদের সতর্ক করে ফেইসবুকে এক ব্যক্তিকে নিয়ে পোস্ট দিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি আ ন ম এহছানুল হক মিলন। তারেক রহমানের মন্ত্রিসভায় দায়িত্ব পেয়েছেন শিক্ষামন্ত্রীর।

মিলনকে উদ্দেশ্য করে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন সাজ্জাদ।

রসিকতা করে এই অভিনেতা বলেন, “বাচ্চারা তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাস করে গেছো আল্লাহর ওয়াস্তে পড়তে বস! এই লোক কি জিনিস তোমাদের কোন আইডিয়া নাই।”

নিজের এসএসসি পরীক্ষার ফলাফলের কথা মনে করে সাজ্জাদ আরও বলেন, “আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল ২৮%!!! আর এই ভদ্রলোক ছিলেন শিক্ষাপ্রতিমন্ত্রী।”

এই পোস্টে মিলনের একটি ছবিও জুড়ে দিয়েছেন সাজ্জাদ। 

অভিনেতার এই পোস্ট দারুণ সাড়া ফেলেছে। মন্তব্যের ঘরে মজার মজার কথা লিখেছেন অনেকে। 

তৌহিদ রহমান নামের একজন লিখেছেন, “দিপু মনিরে ধন্যবাদ ওনার আমলে পিএসসিতে জিপিএ ৫ পাইছি,  যা এইযুগে এমএ পাসের সমান।”

তাহের রাব্বীর কথা, “আবার সেই পুরোনো দিনের মত এসএসসি এইচএসসি পাস করলে এলাকাবাসী দেখতে আসবে।“

শোয়েব তাহসিন নামের একজন লিখেছেন, “এখন যদি সবাই পড়তে বসে, তাহলে তোমাদের নাটক কে দেখবে।”

রেহনুমা নামের একজন লিখেছেন, “সেই যুগের ফাইভ পাস এই যুগের মাস্টার্স পাসের সমান।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন থেকে স্নাতক ডিগ্রি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি ডিগ্রি নেন মিলন। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি।

মিলন প্রথমবার ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে জয় পান। সেবার তিনি চাঁদপুর-১ আসন (কচুয়া) থেকে বিপুল ভোটে জয়ী হন। অষ্টম সংসদ নির্বাচনেও জয়ী হন বিএনপির এই নেতা। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে তৃতীয়বারের মত জয়ী হলেন তিনি। 

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মিলন। সেই সময়ে তিনি পাবলিক পরীক্ষার হলে নকল মুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য দেশব্যাপী ব্যাপক অভিযান চালিয়ে আলোচিত হন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও সামলে আসছেন তিনবারের এই সংসদ সদস্য।