২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অভিনয় থেকে কোহলির দূরেই থাকা উচিত

“তবে তিনি যেখানেই আছেন, সেখানেই থাকা উচিত। চলচ্চিত্র জগতে এই ক্রিকেটারের না আসাই ভাল।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2024, 10:05 AM

Updated : 26 Aug 2026, 10:19 AM

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি অবসরের পর রুপালি দুনিয়ায় পা রাখছেন, এমন খবর ছড়িয়েছে নেট দুনিয়ায়। এই খবরের সত্যতা জানা না গেলেও হিন্দি সিনেমার কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা  বিষয়ে বলেছেন, এমন হলে ব্যাপারটা ভালো হবে না।

হিন্দুস্তান টাইমস লিখেছে, সম্প্রতি এক পডকাস্টে এ নিয়ে কথা বলেন মুকেশ ছাবরা।

সেখানে খেলার সফরের পরে কোহলির অভিনয়ে পা রাখা উচিত কী না প্রশ্নে ছাবরা বলেন, “কোহলি ভালো নাচতে পারেন, মানুষকে নকল করতে পারেন, হাসাতেও পারেন। দেশকে গর্বিত করার জন্যও তিনি অনেক কিছু করেছেন। তবে তিনি যেখানেই আছেন, সেখানেই থাকা উচিত। চলচ্চিত্র জগতে এই ক্রিকেটারের না আসাই ভাল।”

ক্রিকেট তারকা কোহলি খেলার মাঠে ‘সফল’। বেশকিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। তবে সরাসরি অভিনয়ে কখনও দেখা যায়নি কোহলিকে। যদিও খেলা থেকে অবসর নেওয়ার পরে অনুরাগীরা এই ক্রিকেটারকে অভিনয়ের পর্দায় দেখতে চান। 

কোহলিকে নিয়ে এই কাস্টিং ডিরেক্টরের ভাষ্য, “জীবনে ধরা দেওয়া সাফল্য কোহলি খুব সুন্দরভাবে সামলেছেন। প্রতিযোগিতা, শারীরিক গঠন, মানসিকতা, সব ক্ষেত্রে তিনি নিজেকে ভালোভাবে তুলে ধরেছেন। তবুও আমি মনে করি তিনি তার জায়গাতেই ঠিক আছেন।”

কোহলিকে নিয়ে এত সাধুবাদ জানালেও কেন এই ক্রিকেটারকে অভিনয়ে নিরুৎসাহিত করছেন সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি ছাবরা।

একটি বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে আনুশকা ও কোহলি দুজনে দুজনের কাছে পরিচিত হয়েছিলেন। এরপর চার বছর প্রেম করার পর তারা বিয়ে করেন ২০১৭ সালে। বর্তমানে এই ক্রিকেটার-অভিনেত্রী দম্পতি এক কন্যা ও এক পুত্রসন্তানের বাবা-মা।