Published : 26 Jun 2026, 06:44 PM
কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছা দূত, গায়ক-অভিনেতা তাহসান খান।
বৃহস্পতিবার রোহিঙ্গা তরুণদের সঙ্গে আলোচনায় তাদের দীর্ঘদিনের বাস্তুচ্যুত জীবনের গল্প শোনেন তিনি।
ইউএনএইচসিআর বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সংস্থার শুভেচ্ছা দূতের কাছে সুরক্ষা ঝুঁকি, ভবিষ্যৎ অনিশ্চয়তা আর নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন রোহিঙ্গারা। শিক্ষা, কমিউনিটির সহায়তা ও কার্যক্রম তাদের মানসিক অবস্থা দৃঢ় থাকতে সহায়তা করছে বলেও জানিয়েছেন।
তাহসান খান বলেন, “এই তরুণদের দৃঢ়তা ও অদম্য মানসিকতা সত্যিই অনুপ্রেরণাদায়ক। বছরের পর বছর বাস্তুচ্যুত জীবন কাটিয়েও তারা স্বপ্ন দেখতে, শিখতে এবং একটি ভালো ভবিষ্যতের জন্য কাজ করে যাচ্ছে।

“তাদের কণ্ঠ আমাদের মনে করিয়ে দেয় কেন শরণার্থীদের পাশে থাকা এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সমাধানের পথ খুঁজে বের করা জরুরি।”
দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে অংশ নেওয়া রোহিঙ্গা তরুণদের সঙ্গেও দেখা করেন তাহসান খান।
তিনি বলেন, “যেসব তরুণের সঙ্গে আমার দেখা হয়েছে, তাদের অনেকেই জীবনের বেশিরভাগ সময় শরণার্থী হিসেবে কাটিয়েছেন। তবুও তারা শিখছেন, নতুন কিছু তৈরি করছেন এবং ভবিষ্যতের স্বপ্ন দেখছেন।
“তাদের এই দৃঢ়তা আমাদের স্মরণ করিয়ে দেয়, তরুণদের ওপর বিনিয়োগ কতটা গুরুত্বপূর্ণ। শুধু আশা থাকলেই হবে না। শরণার্থীদের দক্ষতা অর্জনের সুযোগও প্রয়োজন, যাতে একদিন তারা নিজেদের সমাজ পুনর্গঠনে ভূমিকা রাখতে পারে।”