১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গর্ভধারণের কথা অভিনব উপায়ে জানাচ্ছেন অভিনেত্রীরা

দীপিকা ও পূজা দুইজনের কেউই কাজে বিরতি নেননি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2026, 01:49 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

একদিনের ব্যবধানে ভারতের হিন্দি সিনেমার দুই অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং পূজা বন্দ্যোপাধ্যায় মা হওয়ার খবর দিয়েছেন। তবে ভক্তদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিতে তারা বেছে নিয়েছেন অভিনব একটি পদ্ধতি। 

তা হল, দীপিকা ও পূজা ‘প্রেগন্যান্সি কিট’ এর ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ করে নিজেদের গর্ভধারণের বিষয়টি সামনে এনেছেন। 

কদিন আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন দীপিকা। সেখানে অভিনেত্রীর মেয়ে দুয়া পাড়ুকোন সিংয়ের হাতে ‘প্রেগন্যান্সি কিট’ দেখা গেছে। 

এনডিটিভি লিখেছে, মুহূর্তে এই ছবি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভরে ওঠে ছবির মন্তব্যের ঘর।

একই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দীপিকার স্বামী অভিনেতা রাণবীর সিং। অভিনেত্রী পরিনীতি চোপড়া, কিয়ারা আদভানিসহ বলিউডের আরও অনেকে দীপিকা-রাণবীরকে অভিনন্দন জানিয়েছেন। 

কদিন ধরে গুঞ্জন ছিল দীপিকা ফের মা হতে চলেছেন; এই ছবি দিয়ে তা সত্যি বুঝিয়ে দিলেন এই নায়িকা। 

তবে অন্তঃসত্ত্বা অবস্থাতেই দীপিকা তার নতুন সিনেমা ‘রাকা’র শুটিংয়ে ব্যস্ত আছেন। অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমায় দীপিকার বিপরীতে রয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। এছাড়া শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমার শুটিংও করছেন দীপিকা। 

দীপিকা-রাণবীরের মেয়ে দুয়ার জন্ম হয় ২০২৪ সালের সেপ্টেম্বরে। ছয় বছর চুটিয়ে প্রেম করে ২০১৮ সালে বিয়ে করেন দীপিকা-রাণবীর।

দীপিকার দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর থিতিয়ে না পড়তেই দ্বিতীয় বার মা হওয়ার খবর দিয়েছেন অভিনেত্রী  পূজা বন্দ্যোপাধ্যায়।

সোশাল মিডিয়ায় পূজাও এ খবর দিয়েছেন ‘প্রেগন্যান্সি কিট’ হাতে ছবি দিয়ে। 

দীপিকার মত পূজাও কাজে বিরতি নেননি। নিয়মিত শুটিং ফ্লোরে যাচ্ছেন। পূজা বলেন, সংসারে নতুন অতিথি আসার খবর তার পরিবারের সবাই উচ্ছ্বসিত। 

২০২০ সালের অক্টোবরে অভিনেত্রী পূজা ও কুণাল ভার্মার ঘরে আসে তাদের প্রথম সন্তান কৃষভ। ইউটিউবে এক ভ্লগেও স্বামী কুণাল ভার্মার সঙ্গে এই সুখবর জানিয়েছেন পূজা। 

ভ্লগে কেবল শুধু আনন্দের কথাই পূজা বলেননি। এক সন্তান থাকার পর দ্বিতীয় সন্তানের আগমনে যে চ্যালেঞ্জগুলো আসে, সেগুলো নিয়েও খোলামেলা কথা বলেছেন পূজা ও কুণাল। 

কলকাতায় একাধিক হিট সিনেমায় কাজ করেছেন পূজা। পরে একটা সময় পাকাপাকি ভাবে মুাম্বই চলে যান। সেখানে জনপ্রিয় সব ধারাবাহিকে কাজ করেছেন পূজা। তেলুগু ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন, পেয়েছেন সাফল্যও।