Published : 23 Aug 2025, 03:16 PM
ভারতের দক্ষিণী সিনেমার মহাতারকা রজনীকান্ত এখন তার পুরনো সহশিল্পীদের সঙ্গে সিনেমা করছেন। এ তালিকায় এবার আছেন মিঠুন চক্রবর্তী। যার সঙ্গে রজনীকান্ত কাজ করেছিলেন তিন দশক আগে।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘জেলার’ সিনেমার সিকুয়েলে পর্দা ভাগাভাগি করবেন এই দুই অভিনেতা।
এরইমধ্যে ‘জেলার ২’ সিনেমার দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে চেন্নাইয়ে। কদিনের মধ্যে মিঠুন ও রজনীকান্তের যোগ দেওয়ার কথা রয়েছে শুটিংয়ে।
এই সিনেমায় মিঠুন কোনো ক্যামিও চরিত্রে নয়, গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েই হাজির হবেন পর্দায়। পরিচালক নেলসন দিলীপকুমার ‘জেলার ২’ আগামী বছরে মুক্তি দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন।
অ্যাকশন ফিল্ম 'জেলার' মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। তবে ‘জেলার’ থালাইভা খ্যাত রজনীকান্তের ‘এনথিরান’ এ সিনেমার পরের পর্ব, যা ২০১০ সালে ব্লকবাস্টার হয়। ‘জেলার’ বিশ্বব্যাপী আয় করে ৬০০ কোটি রুপির বেশি। মুক্তির পর থেকেই এ সিনেমার সিকুয়েল নিয়ে দর্শকদের আগ্রহ দেখা গেছে।
১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘ভ্রষ্টাচার’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেছিলেন মিঠুন ও রজনীকান্ত। সর্বশেষ ১৯৯৫ সালে মিঠুনের ‘ভাগ্যবিধাতা’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন রজনীকান্ত।
এদিকে ১৪ অগাস্টে মুক্তি পেয়েছে রজনীকান্তের ‘কুলি’। এখানে আমির খান একটি বিশেষ চরিত্রে কাজ করেছেন। এই দুজনও একসঙ্গে কাজ করেছিলেন প্রায় ৩০ বছর আগে।
‘কুলি’ এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। সোনা চোরাচালানের ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে কুলি সিনেমার গল্প। এই সিনেমায় একজন কুলির অতীত আর বর্তমানের টানাপোড়েনে রজনীকান্ত হাজির হন দুর্দান্ত রূপে।
এছাড়া, নাগার্জুনা, উপেন্দ্র, সত্যরাজ ও শ্রুতি হাসানসহ আরো অনেকে কাজ করেছেন এই সিনেমায়।