লালনের গল্পে ‘বারামখানা’, অভিনয়ে রামেন্দু-ফেরদৌসী-ত্রপা
নাটকটির প্রদর্শনী হবে জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৭টায়।
লালন সাঁইয়ের জীবনকে কেন্দ্র করে নাট্যদল 'থিয়েটার' প্রযোজনা করেছে নাটক ‘বারামখানা’।
শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দেখা যাবে নাটকটি।
থিয়েটার জানিয়েছে, জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৭টায় নাটকটির প্রদর্শনী হবে; এটি থিয়েটারের ৪১তম প্রযোজনা।
নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার এবং নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার।
‘বারামখানা’ নাটকটি লালনের জীবন প্রবাহ ও আখড়াকে ঘিরে আবর্তিত হয়েছে। যেখানে উঠে এসেছে ছেঁউড়িয়ায় বসবাসকালে একটি আখড়া তৈরি করেন লালন। আখড়ায় লালন নিয়মিত সাধন-ভজন করতেন। ধীরে ধীরে শিষ্য সংখ্যা বাড়ে। আখড়ায় বসে লালন শাহ তার শিষ্যদের নীতি ও আধ্যাত্মিক জ্ঞানের শিক্ষা-দীক্ষা দিতেন। তার অধিকাংশ শিষ্যই তাকে সাঁই বা সাঁইজি বলে সম্বোধন করতেন। এই প্রেক্ষাপট নিয়েই নাটকটি।
বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, ত্রপা মজুমদার, এরশাদ হাসান, তানজুম আরা পল্লী, তামান্না ইসলাম, কাওসার রাজীব, আবদুল্লাহ আল মামুন জুয়েল, রাশেদুল আওয়াল শাওন, ইসমত আরা, রবিন বসাক, নূরে খোদা মাসুক সিদ্দিক, সফিউর রহমান মানু, জোয়ারদার সাইফ, তানভীর হোসেন সামদানীসহ অনেকে।
