Published : 30 Apr 2026, 05:11 PM
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে উৎসবমুখর পরিবেশে অংশ নিয়েছেন টালিগঞ্জের অভিনয়শিল্পীরা।
বুধবার ভোটের দিনে তারকারাও মিশে গেছেন সাধারণ মানুষের ভিড়ে। কেউ পরিবার-পরিজন নিয়ে, কেউবা প্রিয় পোষ্যকে সঙ্গে করেই হাজির হয়েছেন ভোটকেন্দ্রে।
নির্বাচনের দিনে তারকাদের এমনই কিছু মুহূর্ত ধরা পড়েছে ছবিতে।
প্রথম ভোটের অভিজ্ঞতা হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তৃষাণজিতের। বাবার সঙ্গে কেন্দ্রে গিয়ে প্রথমবার ভোট দিয়েছেন তৃষাণজিৎ।
পরিবারকে পাশে নিয়েই ভোটকেন্দ্রে যান অভিনেত্রী কোয়েল মল্লিক। বাবা রঞ্জিত মল্লিক এবং মা দীপা মল্লিককে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন কোয়েল। ভোট শেষে মজা করে কোয়েল বলেছেন, তার ছেলে কবীর মঙ্গলবার রাতেই আঙুলে লাল রঙের কালি দিয়ে নিজেই ভোট দিয়েছে। এবারের নির্বাচনে প্রথমবারের মত নির্বাচনি প্রচারেও ছিলেন কোয়েল।
মা-বাবা ও বোনকে সঙ্গে নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন অভিনেতা দেব। ভোট শেষে ক্ষমতাসীন তৃণমূল সাংসদ দেব বলেন, “অনেক ঠিক কাজ হচ্ছে। যা বেঠিক, সেটা বলা হচ্ছে। আবার অন্যায় হলে তো তার বিরোধিতাও করা উচিত। আমাদের দল ন্যায়ের জন্যই লড়াই করছে।”

সকাল সকালই একসঙ্গে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার রাজ ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ভোটের প্রচারের জন্য টানা সেখানেই ছিলেন। ভোট দিয়ে বেরিয়ে শুভশ্রী বলেন, “একজনকেই চিনি। তিনি আমাদের মা দুর্গা। প্রতিবারই মা দুর্গার সঙ্গে এমন মহিষাসুর লড়াই করতে আসেন। প্রচুর মানুষজন, প্রচুর বাহিনী নিয়ে আসেন। মা একাই দমন করেন।”

তারকা হয়েও সাধারণ ভোটারের মত লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন মিঠুন চক্রবর্তী। ভোট দেওয়া শেষে নিজের দলের জয়ের আশা প্রকাশ করে এই অভিনেতা বলেন, “আর পাঁচটা সাধারণ নাগরিকের মতই ভোট দিলাম। কোনো ধরনের বিশেষ সুবিধার আর্জি কখনও করিনি। এমন সুষ্ঠুভাবে নির্বাচন করানোর
জন্য আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাব। প্রথম দফায় প্রায় ৯২ শতাংশ ভোট পড়েছিল। এই দফাতেও আশা করছি, তেমনই ভোট পড়বে। এত ভোট পড়লে বুঝে নিন, কী হতে চলেছে!’’

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় মা-বাবা, বোনের সঙ্গে ভোট দিয়ে একটি ছবি তুলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

মায়ের সঙ্গে ভোট দিতে আসেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

রঙ মিলিয়ে একই রকম পোশাক পরে ভোট দিতে আসেন যশ দাশগুপ্ত ও নুসরত জাহান।

মেয়ে রাইমা সেন ও পোষ্যকে সঙ্গে নিয়ে ভোটের দিনে হাজির হন মুনমুন সেন। ভোট দিয়ে মুনমুন পোষ্যকে দেখিয়ে বললেন, ‘সে তো ভোট দিতে পারল না’।
ভোট গণনার দিন নির্ধারিত হয়েছে ৪ মে। ৫ মে ফলাফল ঘোষণা করা হতে পারে।