Published : 16 Aug 2026, 02:06 PM
ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী বেশ কয়েক বছর ধরে বাংলা সিনেমায় আগ্রহী, তবে তার শর্ত হল চিত্রনাট্য ভালো হতে হবে, তবেই তিনি নির্মাতাদের ফেরাবেন না।
এবার পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের সঙ্গে কাজ করছেন তিনি। আগামী বছর প্রযোজনা সংস্থা উইন্ডোজের পঁচিশ বছর পূর্তিতে আসবে শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত মিঠুনের নতুন সিনেমা।
বিষয়টি চূড়ান্ত হওয়ার সোশাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন শিবপ্রসাদ।
‘ডিসকো ডান্সার’ খ্যাত অভিনেতা মিঠুনের সঙ্গে একটি ছবি ফেইসবুকে পোস্ট করে শিবপ্রসাদ লিখেছেন, ‘‘হ্যাঁ ফাইনালি আমরা একসঙ্গে কাজ করছি। আমি আর নন্দিতাদি, সঙ্গে মিঠুন চক্রবর্তী। প্রত্যেক মানুষেরই কিছু স্বপ্ন থাকে। আমার তেমনই একটা স্বপ্ন ছিল, কোনও একদিন মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করব। কারণ বড় হয়েছি তাকে পর্দায় দেখে।”
শিবপ্রসাদের পোস্টে একে একে এসেছে মিঠুনের জনপ্রিয় সব সিনেমার নাম। ‘অগ্নিপথ’, ‘ডিস্কো ডান্সার’, ‘দো আনজানে’, ‘ডান্স ডান্স’ সিনেমার নাম বর্ণনা করে শিবপ্রসাদ লিখেছেন, মিঠুন আরও অসামান্য সব কাজ বার বার মনে করিয়ে দিয়েছে, এক জন অভিনেতার কোনো ভাষা হয় না, কোনো সীমানা হয় না।
“তার অভিনয়, তার ব্যক্তিত্ব, তার পর্দা জুড়ে থাকা — সব মিলিয়ে ছোটবেলা থেকেই তিনি আমার কাছে শুধু একজন তারকা নন, এক অদ্ভুত বিস্ময়। আমার কাছে উনিই রামকৃষ্ণ, উনিই মৃগয়া, উনিই ডিস্কো ডান্সার।’’
শিবপ্রসাদ জানিয়েছেন, তিনি মিঠুন চক্রবর্তীকে নিজে চিত্রনাট্য পড়ে শুনিয়েছিলেন।
সেই অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘‘কিছু কিছু অপেক্ষা বোধহয় ঠিক গল্পটার জন্যই থেকে যায়। যেদিন তার সঙ্গে দেখা করে গল্পটা শোনালাম, বুকের ভিতর কোথাও সেই ছোটবেলার আমিটা বোধহয় তখনও চুপ করে বসেছিল। গল্প বলা শেষ হতেই মিঠুনদা হাত মিলিয়ে বললেন ‘ফাটিয়ে দিয়েছিস! এ তো আমার জীবনের গল্প’।”
কিছুদিন আগে মিঠুন যখন যুক্তরাষ্ট্রে ছিলেন, নিজের পরিচয় দিয়ে একটা ভয়েস নোট পাঠিয়েছিলেন শিবপ্রসাদ। যা শুনে সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন মিঠুন।
সেদিন কী বলেছিলেন তিনি? শিবপ্রসাদ বলেন, “সেদিন মিঠুনদা কল ব্যাক করে বলেছিলেন ‘শিবু! নিজেকে শিবপ্রসাদ বলে এত বড় ফিরিস্তি দিচ্ছিস কেন? বসেই আছি তো কাজ করব বলে’।”
শিবপ্রসাদের কথায়, “কয়েকটা শব্দ কখনও কখনও অনেক বছরের স্বপ্নকে ছুঁয়ে যায়। সেই মুহূর্তটা আমার কাছে ঠিক তেমনই। আর কয়েকটা দিনের অপেক্ষা। তারপর বহুদিনের স্বপ্ন বাস্তবে রূপান্তিরত হবে।’’
কদিন আগে হাতে অস্ত্রোপচার হয়েছে মিঠুন চক্রবর্তীর। আপাতত তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন শিবপ্রসাদ।
বাংলাদেশের বরিশালে জন্ম নেওয়া গৌরাঙ্গ চক্রবর্তী পরে ‘মিঠুন চক্রবর্তী’ নামেই ভারতীয় চলচ্চিত্রে পরিচিত হয়ে ওঠেন।
মিঠুন চার দশকেরও বেশি সময় ধরে ৩৭০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। ‘তাহাদের কথা’ এবং ‘স্বামী বিবেকানন্দ’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন তিনি।
তিনি এখন সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে বেশ সচেতন। তার ভাষ্য, এমন চরিত্রেই এখন অভিনয় করতে চান যা তাকে শিল্পী হিসেবে ‘আরও সমৃদ্ধ করবে’।
আরও পড়ুন:
আঙুল দিয়ে কিছু ধরার মত অবস্থা ফিরে পাচ্ছি: মিঠুন
মিঠুন হাসপাতালে, চাননি 'জানাজানি হোক': মুখ্যমন্ত্রী শুভেন্দু