Published : 29 Jun 2026, 10:01 PM
‘অর্ধাঙ্গিনী’ সিনেমার সিকুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’তে নাটকীয়তা আরও বেশি দেখানো হয়েছে বলে জানিয়েছেন মেঘনা চরিত্রে অভিনয় করা জয়া আহসান।
অভিনয় করতে ‘ভালো লেগেছে’ বলেও জানিয়েছেন ঢাকা-কলকাতার দুই বাংলায় জনপ্রিয় এই অভিনেত্রী।
কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘আজও অর্ধাঙ্গিনী’ এই মাসে প্রেক্ষাগৃহে আসছে প্রথম পর্বের তিন বছর পর। কদিন আগে এসেছে সিনেমার ট্রেইলার।
জয়া আহসান, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও কৌশিক সেনের যার যার জীবন সামলে চলার কঠিন পরীক্ষা ফুটে উঠেছে সিনেমার ঝলকে।
কাজের অভিজ্ঞতা নিয়ে জয়া বলেন, “এবারে নাটকীয় জায়গাগুলো আরও বেশি থাকলেও সেটা আবার খুব জোর করে চাপিয়ে দিয়েছেন পরিচালক তেমনটা নয়। আমি তো একজন দর্শকও, সেইখান থেকে মনে হয়, দর্শকেরও ভালো লাগবে। আরও নতুন চরিত্রের সমাগম হয়েছে। আগের চরিত্রগুলোও তো এতদিন যাপন করেছে তার ফলে ওদের জীবনেও নতুন চরিত্র এসেছে।
কলকাতার সংবাদমাধ্যমদ ‘সংবাদ প্রতিনিদি’কে সাক্ষাৎকারে এ কথা বলেন জয়া। অভিনেত্রীর কাছে প্রশ্ন ছিল, গেল তিন বছরে তিনি তার ভেতরে মেঘনাকে কীভাবে লালন করেছেন।
জয়া বলেন, “মেঘনার কিছু জিনিস আমার ভিতরে রয়ে যায়। যেমন করে, একটা বই পড়ে বইয়ের চরিত্র বা দর্শন রয়ে যায়। আমরা তো সবটা ফেলে দিই না। তারপরেই তো ব্যক্তি জয়ার জার্নি। তেমনই ‘মেঘনা’ চরিত্রের কিছু না কিছু আমার ভিতরে রয়েই গিয়েছিল। কাজের সময় সেটাকে আবার জাগিয়ে তুলেছি।”
এবারের চিত্রনাট্যে দেখানো হয়েছে নিরাপত্তাহীনতায় ভোগা মেঘনার (জয়া আহসান অভিনীত চরিত্র) ধারণা, পরিবারের সবাই মুখে না বললেও স্বামী সুমন (কৌশিক সেন) প্রথম পক্ষের স্ত্রী শুভ্রার (চূর্ণী গঙ্গোপাধ্যায়) সঙ্গে তার তুলনা টানে।
এদিকে সুমনও মেঘনার সঙ্গে সুখী নয়। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঘর করলেও বারবার তার বিবেকে দাগ কাটে অতীত। স্বামী সুমনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নিয়ে যখন মেঘনা শুভ্রার শরণাপন্ন হয়, তখন কোনো সমর্থন মেলে না।
চরিত্রগুলো নিয়ে জয়ার ভাষ্য, এবার এবারে জটিলতা চরম আকার নেবে। শুধুই মেঘনা, শুভ্রা, সুমন নয়, অম্বরীশ ভট্টাচার্যের চরিত্রে নতুন মাত্রা যোগ হচ্ছে।
পশ্চিমবঙ্গের রাজনীতির পালাবদলে টালিউড নিয়ে জয়া কতটা আশাবাদী জানতে চাইলে তিনি বলেন, “এটা ঠিক, আরেকটি দেশের পাসপোর্ট ক্যারি করি। কিন্তু এতদিন ধরে তো এখানে কাজ করছি, কোনওভাবে মনে হয় না আমি এই ইন্ডাস্ট্রির বাইরের কেউ। যদি এখানকার বাসিন্দা হতাম, তারপরেও বোধহয় যে পরিমাণ কাজ করছি এইটুকুই করতাম। একইরকম ভালোবাসা দিয়ে এখানে আমার অভিনীত সিনেমা রিলিজ করেছে, একইরকম ভালোবাসা দিয়ে মানুষ আমাকে ডাকছে। প্রোডাকশন হাউসগুলো এইরকম ভালোবাসা দিয়ে তাদের সিনেমায় নিচ্ছে, পরিচালকদের ক্ষেত্রেও একই কথা বলব। সেটা আমি অন্তত টের পাই।”
চব্বিশের আন্দোলনে সরকার পতনের প্রেক্ষাপট এবং বর্তমানে নির্বাচিত সরকারের দেশ পরিচালনার পরিস্থিতি নিয়ে জয়া বলেন, “দেশ এখন ভালো অবস্থাখন ভালো অবস্থা। মাঝখানে একটু উত্তপ্ত ছিল। ইন্ডাস্ট্রির কাজের কথা যদি বলি, ভালোভাবে চলছে।”
‘আজও অর্ধাঙ্গিনী’: সাবেক-বর্তমানের ‘ভয়ংকর পুনর্মিলন’, সম্পর্কের জটিল ধাঁধায় জয়া-চূর্ণী