Published : 06 Feb 2026, 10:25 AM
সময়ের ব্যবধানে হারিয়ে যাওয়া সম্পর্ক আর অব্যক্ত ভালোবাসার গল্পে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘যে কথা হয়নি বলা’।
জাকারিয়া সৌখিনের পরিচালনায় টেলিফিল্মে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নীহা।
এক বিজ্ঞপ্তিতে চ্যানেল আইয় বলেছে, শুক্রবার বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্মটি।

টেলিফিল্মের গল্প আবর্তিত হয়েছে কাব্য নামের এক তরুণকে ঘিরে। কাব্য কবিতা লেখে, গান গায় এবং একটি রেস্তোরাঁয় নিয়মিত গান গাওয়াই তার জীবিকা। কলেজে পড়ার সময় সে ভালোবাসে কুহু নামের এক মেয়েকে। কিন্তু সেই ভালোবাসা কখনো মুখে বলা হয়ে ওঠে না। একসময় কুহু এলাকা ছেড়ে চলে যায়।
বহু বছর পর হঠাৎ আবার কুহুর সঙ্গে দেখা হয় কাব্যর। পুরোনো স্মৃতি আর ধুলোমাখা ভালোবাসা নতুন করে জেগে ওঠে, কিন্তু পরিস্থিতি বদলায় না। কাব্য এবারও তার ভালোবাসার কথা জানাতে পারে না। মুখে না বলতে পারলেও কবিতা ও গানের ভেতর দিয়ে কাব্য তার অব্যক্ত অনুভূতির প্রকাশ ঘটায়। শেষ পর্যন্ত কাব্য ও কুহুর সম্পর্কের পরিণতি কী হয় সেই গল্পেই এগিয়ে যাবে নাটকটি ।

নাটকটি জোভান বলেন, “অনেক পরিশ্রমের মধ্য দিয়ে এই কাজটি করেছি। নীহার সঙ্গে আমাদের জুটিকে দর্শক সবসময়ই পছন্দ করেন। তার ওপর সৌখিন ভাইয়ার নির্মাণ আশা করছি কাজটি দর্শকের ভালো লাগবে।”
নাজনীন নাহার নীহা বলেন, “গল্পটা খুব সহজ ও সাবলীল। দর্শকরা এখন এমন গল্পই দেখতে পছন্দ করেন।”