১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গানপোকার প্রথম অ্যালবাম: ‘গতি জড়তা’ দিয়ে শুরু যাত্রা

বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের প্রতি সংহতি প্রকাশের একটি প্রতীকী উদ্যোগ ব্যান্ডটির।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2026, 04:12 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

ব্যান্ড ‘গানপোকা’র প্রথম অফিশিয়াল অ্যালবামের যাত্রা শুরু হয়েছে। এই অ্যালবামের প্রথম গান ‘গতি জড়তা’ প্রকাশ্যে এসেছে।  

গানপোকা ব্যান্ডের ইউটিউব চ্যানেল ও ফেইসবুক পেইজে শোনা যাচ্ছে গানটি। 

গানটির কথা লিখেছেন চঞ্চল মাহমুদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাহমুদুল হাসান এবং অ্যানিমেশন করেছেন মুস্তাকিম আলভী।

বিজ্ঞপ্তিতে ব্যান্ডটি জানিয়েছে, পুরো অ্যালবাম একসঙ্গে প্রকাশ না করে প্রতিটি গান আলাদাভাবে মিউজিক ভিডিওসহ প্রকাশ করার পরিকল্পনা রয়েছে তাদের। সে ধারাবাহিকতায় শ্রমিক দিবসে মুক্তি দেওয়া হয়েছে গান ‘গতি জড়তা’। 

ব্যান্ডের ভোকাল রাশিদুজ্জামান রাশিদ বলেন, "দীর্ঘদিনের প্রতীক্ষার পর এটি আমাদের প্রথম অফিশিয়াল রিলিজ। এটি শুধু একটি গান নয়, আমাদের জন্য একটি নতুন যাত্রার সূচনা।" 

প্রথম গান প্রকাশের জন্য মে দিবস বেছে নেওয়ার কারণ হিসেবে রাশিদ জানিয়েছেন, তারা নিজেদের ‘গানের শ্রমিক’ হিসেবে দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। 

শ্রমজীবী মানুষের মেধা ও পরিশ্রমের প্রতি সম্মান জানাতেই দিনটি নির্বাচন করা হয়েছে। একই সঙ্গে এটি বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের প্রতি সংহতি প্রকাশের একটি প্রতীকী উদ্যোগ তাদের। 

দলটি তাদের প্রথম অ্যালবাম উৎসর্গ করেছে ব্যান্ডের প্রয়াত দুই সদস্যকে। 

তারা হলেন 'আমবাগানে’ গানের গীতিকবি মাহমুদ হাসান তারেক ও  গীতিকার হাসনাত প্রধান। প্রধানের লেখা ‘নদী’ গানটি শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছিল। 

'গতি জড়তা' দলের প্রথম অ্যালবামের গান হলেও এর আগে ‘ও নদী, বন্ধুয়ার খবর এনে দে’, ‘পিরিতি নয় আমার কাজ’ এবং ‘হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখি’ গানগুলো দিয়ে শ্রোতাদের প্রশংসা অর্জন করে গানপোকা।

বর্তমানে ব্যান্ডের সদস্যরা হলেন রাশিদুজ্জামান রাশিদ (ভোকাল ও দোতারা), মিথুন হাসান (খমক ও ভোকাল), রওশন কবির বিপুল (দোতারা), নাজমুল নিশান (পারকেশন), আবদুল্লাহ আল নোমান (বেজ গিটার), বেনামচন্দ্র বর্মণ ও রামানুজ চক্রবর্তী অপু (ড্রামস) এবং অনিন্দ্য বিশ্বাস (গিটার)।