Published : 14 Jul 2026, 02:12 PM
তিন শতাধিক অপেশাদার নৃত্যশিল্পীর অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজন করা হচ্ছে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’।
নাচের ছন্দে ও তালে বর্ষা উদযাপন করতে আগামী শুক্রবার অর্থী আহমেদ ড্যান্স একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যৌথ প্রযোজনার এই আয়োজনটি হতে যাচ্ছে। সেদিন বেলা ১১টায় শুরু হবে এই আয়োজন।
খোলা আকাশের নিচে আয়োজিত এই বিশেষ পরিবেশনায় অংশ নেবেন ৩ থেকে ৭০ বছর বয়সী তিন শতাধিক অপেশাদার নৃত্যশিল্পী।
এক ভিডিও বার্তায় অনুষ্ঠানের পরিচালক অর্থী আহমেদ বলেন, "ঘনঘটা শুধু একটি নৃত্য প্রযোজনা নয়, বরং এটি নতুন করে শুরু করার উৎসব; যেখানে বয়স কোনো বাধা নয়, আর মনের ভেতরে চেপে রাখা স্বপ্নকে ডানা মেলতে দেওয়া হয়।"
আয়োজকরা জানিয়েছেন, এবারের উৎসবে নৃত্যশিল্পী হিসেবে অংশ নিচ্ছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, গবেষক, সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মী ও গৃহিণীসহ নানা পেশার মানুষ। এর আগে গত বছর একই জায়গায় ১১০ জন শিল্পী নিয়ে অনুষ্ঠিত হয়েছিল ‘ঘনঘটা’র প্রথম আসর। বছর ঘুরে এবারও একই স্থানে আরও বড় পরিসরে এই আয়োজন করা হচ্ছে।
সবার জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানটি উপভোগ করতে দর্শকদের জন্য বিশেষ পোশাকের অনুরোধ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
তারা বলছে, উৎসবে আসতে হবে সাদা, নীল বা সবুজ রঙের শাড়ি কিংবা পাঞ্জাবি পরে। তবে খোলা আকাশের নিচের এই আয়োজনে ছাতা নিয়ে আসা যাবে না।
দর্শকদের প্রতি আহ্বান জানিয়ে আয়োজকরা বলেন, ছাতা ঘরে রেখেই বৃষ্টির গান, নাচ ও কবিতায় সিক্ত হতে এবং একসঙ্গে ভিজতে এই আয়োজন।
আনন্দ উৎসবের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক বন্যা পরিস্থিতিকে মাথায় রাখা হয়েছে এই আয়োজনে।
অনুষ্ঠানস্থলে ‘জাগো ফাউন্ডেশন’-এর একটি ডোনেশন বুথ থাকবে, যেখানে আসা দর্শনার্থীরা সরাসরি বন্যার্তদের সহায়তায় অনুদান দিতে পারবেন।