Published : 22 Jul 2026, 10:23 PM
অস্ট্রেলিয়ার মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (এমআইএফএফ) নির্বাচিত হয়েছে বাংলাদেশি সিনেমা ‘মাস্টার’।
সিনেমার পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত গ্লিটজকে বলেছেন, উৎসবের ‘এশিয়া প্যাসিফিক’ বিভাগে ১৫টি সিনেমার মধ্যে ‘মাস্টার’ সিনেমাটি জায়গা করে নিয়েছে।
এ খবরের প্রতিক্রিয়ায় তিনি বলেন, চলতি বছরের মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেড্রো আলমোদোভার ও রিউসুকে হামাগুচির মত বিশ্বখ্যাত নির্মাতাদের পাশাপাশি অবিনাশ বিক্রম শাহ ও চুকো এসিরির মত পরিচালকদের কাজও প্রদর্শিত হবে।
এ উৎসবে বিশ্বজুড়ে সুনাম কুড়ানো সব সিনেমার সঙ্গে একই পর্দায় দেখানো হবে বাংলাদেশের এই সিনেমা, যা আনন্দের বলে মন্তব্য করেন সুমিত।
তিনি বলেন, "এই অর্জন সিনেমার পুরো কাস্ট ও কলাকুশলীদের। তাদের প্রতি কৃতজ্ঞতা, তাদের অক্লান্ত পরিশ্রম ও ডেডিকেশনের কারণে সিনেমাটি আজ বিশ্বমঞ্চে এভাবে ঘুরে বেড়াচ্ছে।"
মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী ৬ অগাস্ট; যা চলবে ২৩ অগাস্ট পর্যন্ত। উৎসবে সিনেমাটির দুটি প্রদর্শনী রয়েছে- ৭ ও ১১ অগাস্ট।

চলতি বছরের মে মাসে সিনেমাটি অস্ট্রেলিয়ার সিডনি চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল।
‘মাস্টার’ সিনেমার চিত্রনাট্যে সুমিত তুলে ধরেছেন বাংলাদেশের স্থানীয় রাজনীতিতে জড়িয়ে পড়া এক শিক্ষক জহিরের উত্থানের গল্প। যার জীবনে সংসার, কলেজ আর ছোট পরিবার; এই নিয়েই তার পুরো পৃথিবী।
জনগণের সমর্থন নিয়ে জহির মোহগঞ্জের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। ক্ষমতার সঙ্গে আসে নানা ধরনের চাপ। নির্বাচনে সহায়তাকারীরা একে একে অন্যায্য সুবিধা চাইতে থাকে। কাউকে না বলতে পারেন না জহির, আবার তার বিবেকও সায় দেয় না।
এই দ্বন্দ্ব বদলে দেয় জহিরকে। আদর্শবাদ দিয়ে শুরু হওয়া তার যে পথচলা, তা ধীরে ধীরে রূপ নেয় কর্তৃত্ববাদী মানসিকতায়। শিক্ষক জহিরের সরল জীবন জড়িয়ে পড়ে জটিল এক বাস্তবতায়। এমনই গল্পে এগিয়ে যায় সিনেমাটি।

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না, আমিনুর রহমান মুকুল, মাহমুদ আলম।
রেজওয়ান শাহরিয়ার সুমিতের গল্পে ১২২ মিনিট দৈর্ঘ্যের মাস্টার সিনেমাটির চিত্রনাট্য করেছেন সাব্বির হোসেন শোভন ও নির্মাতা নিজে।
চিত্রগ্রাহক তুহিন তামিজুল, প্রোডাকশন ডিজাইনার হিসেবে ছিলেন ভারতের জোনাকি ভট্টাচার্য; সংগীত পরিচালনা করেছেন তাইওয়ানের হাও টিং শিহ।
প্রযোজনা প্রতিষ্ঠান মাইপিক্সেলস্টোরি ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি।
‘মাস্টার’ এর আগে বেশ কিছু চলচ্চিত্র উৎসবে ঘুরে এসেছে। রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ পেয়েছিল সিনেমাটি।