১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাসপাতাল থেকে ফিরে ‘উৎসব’ দেখতে গিয়ে আবেগে ভাসলেন জাহিদ হাসান

কথা বলতে বলতে অনেকটা আবেগতাড়িত হয়ে পড়েন জাহিদ হাসান।

হাসপাতাল থেকে ফিরে ‘উৎসব’ দেখতে গিয়ে আবেগে ভাসলেন জাহিদ হাসান
‘উৎসব’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে কথা বলছেন জাহিদ হাসান। ছবি: চরকির সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2025, 04:56 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

দীর্ঘদিন পর তানিম নূরের ‘উৎসব’ সিনেমা দিয়ে পর্দায় ফিরেছেন অভিনেতা জাহিদ হাসান। ঈদের দিন থেকে প্রেক্ষাগৃহে যখন সিনেমাটি প্রদর্শিত হচ্ছে, তখন হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন এই অভিনেতা। 

সুস্থ হয়ে বুধবার সিনেমার এক বিশেষ প্রদর্শনীতে অংশ নেন জাহিদ হাসান। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “আজকে আমার ঈদ। কারণ ঈদের আগের দিন থেকে আমি একটু অসুস্থ ছিলাম। হাসপাতালে ভর্তি ছিলাম, এইচডিইউ, আইসিইউ হয়ে কেবিন। আমার সিনেমাটি যখন মুক্তি পায়, আমি কোথাও যেতে পারছিলাম না।  

“আমার সহযোদ্ধা ভাই, সহশিল্পীরা সবাই বিভিন্ন প্রেক্ষাগৃহে ছুটেছেন। সিনেমার প্রতি দর্শক আগ্রহ বাড়াতে সবাই যার যার মত ফাইট করে যাচ্ছিলেন। ওই সময়টায় আমি 'উৎসব' সিনেমার অনেক রিভিউ দেখেছি। তরুণদের পাশাপাশি অনেক বয়স্ক মানুষ এই সিনেমাটি দেখতে এসেছেন। তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। কৃতজ্ঞতায় আমার মাথায় নুয়ে আসে।”

কথা বলতে বলতে অনেকটা আবেগতাড়িত হয়ে পড়েন জাহিদ হাসান। এই সিনেমায় দর্শকের ভালোবাসা ‘অন্যরকম প্রাপ্তি’ বলে তার ভাষ্য।   

তিনি বলেন, “মুশকিল হয়েছে কি, কেউ আমাকে ভালোবাসলে কান্না পেয়ে যায়। আদর করলেও কান্না পায়। যখন আপনারা (সাংবাদিকসহ উপস্থিত সবাইকে) আমাকে এভাবে আদর করেন, ভালোবাসেন, কান্না পায়। এটা মোটেও অভিনয় নয়। সত্যিই সত্যিই। 

“অভিনয়জীবনে আমি বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছি। জাতীয় পুরস্কারও পেয়েছি। কিন্তু এভাবে আমার কোনো সিনেমা মুক্তি পায়নি। এত ক্যামেরা কখনো আমার সামনে আসেনি। এটা আমার জীবনের জন্য অনেক বড় পাওয়া।”

সিনেমার শুটিংয়ের সময়কার অভিজ্ঞতা মনে করে কিছুটা অনুশোচনাও প্রকাশ করেন জাহিদ হাসান। 

তিনি বলেন শুটিংয়ের সময় অনেক বিষয়ে অনেক কিছু নিয়ে ইউনিটের কাউকে কাউকে বকাঝকা করেছেন। কিন্তু এখন মনে হয়েছে এসব না করলেও হয়। 

“ব্যক্তিগতভাবে, ব্যক্তিজীবনে আমরা অনেক কিছুতে অনেক ভুল করেছি। আমরা চাই, সুন্দরভাবে ধর্মবর্ণ–নির্বিশেষে, দলমত–নির্বিশেষে সবাই বাংলাদেশে একসঙ্গে থাকব। সুখে দুখে থাকব। উৎসব করব। পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে আমরা সবাই যেন সব জায়গায় যেতে পারি।”

তানিম নূরের ‘উৎসব’ নব্বই দশকের ফেলে আসা পারিবারিক গল্পের সিনেমা। চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস ‘অ্যা ক্রিসমাস ক্যারলের’ ছায়া অবলম্বনে এ সিনেমা নির্মাণ করেছেন তানিম।

সিনেমার গল্প এক কৃপণ ব্যক্তিকে কেন্দ্র করে। এক উৎসবের রাতে অতীতের তিন ব্যবসায়িক অংশীদারের আত্মা তার সামনে এসে হাজির হয়। তারা ওই ব্যবসায়ীকে সঙ্গে করে নিয়ে যায় তার অতীত, বর্তমান দিনে এমনকি ভবিষ্যতেও। তিন সময়ের ওই সফরে বদলে যেতে থাকে কৃপণ মানুষটি।

'উৎসব' সিনেমার অভিনয়শিল্পীরা। ছবি: চরকির সৌজন্যে।  

'উৎসব' সিনেমার অভিনয়শিল্পীরা

সেই কৃপণ ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। সিনেমায় আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আফসানা মিমি, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান, নরেশ ভূঁইয়া।