০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ঢাকায় এসে নতুন অ্যালবামের খবর দিলেন আতিফ আসলাম

সংবাদ সম্মেলনে একক অ্যালবাম, বাংলাদেশের খাবার ও শ্রোতাদের প্রতি তার ভালো লাগার কথা বলেছেন পাকিস্তানি এ সংগীতশিল্পী।

ঢাকায় এসে নতুন অ্যালবামের খবর দিলেন আতিফ আসলাম
আতিফ আসলাম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2026, 11:06 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

রাজধানীর ভাটারায় মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে শুক্রবার মঞ্চ মাতানোর আগে সংবাদ সম্মেলনে এলেন সংগীতশিল্পী আতিফ আসলাম।

বৃহস্পতিবার উত্তরার ক্রাউন প্লাজা হোটেলে সংবাদ সম্মেলনে নিজের একক অ্যালবাম, বাংলাদেশের খাবার ও শ্রোতাদের প্রতি  ভালো লাগার কথা বলেছেন পাকিস্তানি এ শিল্পী।

তিনি বলেন, দীর্ঘ দেড় যুগের বিরতির পর তার নতুন একক অ্যালবাম আসছে। ‘সুবাহ্‌ আয়ে না’ নামের আট গানের এ অ্যালবামটি শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে।

এত সময় পরে অ্যালবাম প্রকাশের কারণ সম্পর্কে তিনি বলেন, “টানা কনসার্ট, রেকর্ডিং ও চলচ্চিত্রের প্লেব্যাক নিয়ে ব্যস্ততার কারণে নিজের মনের মত গান প্রকাশের সময় পাচ্ছিলাম না। তবে গানের স্তবক বা সুর নিয়মিতই লিখে রাখছিলাম।

“অবশেষে মনে হল নিজের ও শ্রোতাদের প্রতি দায়বদ্ধতা থেকেই এবার থামতে হবে। সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে নিয়মিত নতুন অ্যালবাম উপহার দেব।”

আতিফ আসলামের কথায়, “এই প্রজেক্টটি প্রায় আট বছর ধরে হৃদয়ে জমিয়ে রাখা। এতে আমার নিজের সুর ও কথার পাশাপাশি কাজ করেছেন আরও অনেক সংগীতশিল্পীরা।”

তবে শুক্রবারের কনসার্টে নতুন অ্যালবামের গান পরিবেশন করছেন না তিনি।

ঢাকায় কনসার্ট মাতানোর জন্য বুধবার রাতেই পৌঁছেছেন আতিফ আসলাম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ির মত। আমি অপেক্ষায় থাকি এখানকার দর্শকদের গান শোনানোর জন্য।

“বিশ্বজুড়ে কনসার্ট করলেও বাংলাদেশের দর্শকদের প্রতিক্রিয়া সম্পূর্ণ আলাদা। বিশেষ করে যখন সবাই একসঙ্গে আমার ‘আদাত’ গানটি গায়, সেটা সবচেয়ে উচ্চস্বরে শুনতে দারুণ লাগে। এবারো দর্শকদের জন্য নতুন পরিবেশনা ও চমক থাকছে।”

বাংলাদেশের খাবারের প্রশংসা করে এ শিল্পী বলেন, “এখানকার খিচুড়ি, মালাই দেওয়া বিশেষ চা এবং বিরিয়ানি অত্যন্ত সুস্বাদু। বিশ্বের যেখানেই যাই, বাংলাদেশের খাবারের প্রশংসা করি। কাউকে বলি-একবার বাংলাদেশে গিয়ে খাবার খেয়ে আসুন।”

মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে কনসার্টে আতিফ আসলাম ছাড়াও বাংলাদেশের ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’ গান করবে।

আতিফ আসলামের এ কনসার্টটি হওয়ার কথা ছিল গত বছরের ১৩ ডিসেম্বরে। আয়োজক কর্তৃপক্ষ সব প্রস্তুতিও সম্পন্ন করলেও শেষ মুহূর্তে তা হয়নি।

শুক্রবার এই কনসার্টের জন্য দুয়ার খুলবে দুপুর ২টায়। বন্ধ হবে সন্ধ্যা ৬টা নাগাদ। গান চলবে বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত।