Published : 08 May 2026, 12:38 AM
বাঙালির সাহিত্য, সংগীত ও সংস্কৃতির অবিচ্ছেদ্য নাম রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীজুড়ে হবে নানা আয়োজন।
সরকারি-বেসরকারি সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানগুলো আলোচনা, গান, নৃত্য, আবৃত্তি, নাটক ও প্রদর্শনীর মত কর্মসূচি হাতে নিয়েছে।
চার দিনের উৎসব আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। পাশাপাশি ছায়ানট, বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, বাংলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন বিশেষ আয়োজন করেছে।
চার দিনের আয়োজন শিল্পকলায়

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চার দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক এই আয়োজন শুরু হবে শুক্রবার।
জাতীয় নাট্যশালা মিলনায়তনে চার দিনব্যাপী এ উৎসব চলবে ১১ মে পর্যন্ত।
আয়োজিত কর্মসূচিতে থাকছে রবীন্দ্রসংগীত, নৃত্য, আবৃত্তি, আলোচনা এবং নাট্যপ্রদর্শনী। পাশাপাশি জাতীয় চিত্রশালা ভবনে আয়োজন করা হয়েছে ‘রবির চিত্র চিত্রে রবী’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী।
উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।
দ্বিতীয় দিনের আয়োজনে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
তৃতীয় দিনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এদিন জাতীয় চিত্রশালার গ্যালারি-২ এ উদ্বোধন করা হবে ‘রবির চিত্র চিত্রে রবী’ প্রদর্শনী। প্রদর্শনী চলবে ২৩ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা।
সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী।
আলোচনা পর্ব শেষে নাট্যদল প্রাচ্যনাট দেখাবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘অচলায়তন’। প্রাচ্যনাটের ৪২তম প্রযোজনা এই নাটকটির নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম।
শিল্পকলা একাডেমি জানিয়েছে, রাজধানীর পাশাপাশি দেশের সব জেলা শিল্পকলা একাডেমিতেও রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সব অনুষ্ঠান দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানমালা সরাসরি সম্প্রচার করা হবে শিল্পকলা একাডেমির ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
ছায়ানটে দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসব

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট আয়োজন করেছে দুই দিনব্যাপী রবীন্দ্র উৎসব।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে এই উৎসব শুরু হবে। পরিবেশিত হবে একক ও সম্মেলক গান, নৃত্য, পাঠ-আবৃত্তি।
অনুষ্ঠানে ছায়ানটের শিল্পী ছাড়াও আমন্ত্রিত শিল্পী ও দল অংশ নেবেন। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ছায়ানট সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা।
তিনি বলেছেন, দ্বিতীয় দিন শনিবারের আয়োজন শুরু হবে সন্ধ্যা ৭টায়।
আরো আয়োজন
বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার আয়োজনে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ৩৭তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এ উৎসব হবে।
অন্যদিকে কণ্ঠশীলন আয়োজন করেছে নবীনবরণ ও রবীন্দ্রজয়ন্তী উদযাপন অনুষ্ঠান। শুক্রবার সকাল সাড়ে ৮টায় এলিফ্যান্ট রোডের ওয়াহিদুল হক মিলনায়তনে হবে এই আয়োজন।
বিশ্বসাহিত্যকেন্দ্রে শুক্রবার সকাল ১০টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়া বাংলা একাডেমি আয়োজন করেছে সেমিনার, রবীন্দ্র-পুরস্কার ২০২৬ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।