Published : 31 Jan 2026, 11:01 AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা আয়োজন করেছে তাদের তৃতীয় বার্ষিক নাট্যোৎসব। তিনদিনব্যাপী এই উৎসবে সাতটি নাটক দেখানো হবে।
নাটকগুলো বানিয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। তাদের পরীক্ষা প্রযোজনা নিয়ে আয়োজিত হচ্ছে এই নাট্যেৎসব।
শনিবার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এরপর সাড়ে ৭টায় দেখানো হবে প্রথম নাটক ‘মুল্লুক’।

বাকার বকুলের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন মুনতাছরিন রহমান মীম, মো: রাশেদ হোসেন মোমিত, জেরিন চাকমা।
দ্বিতীয় দিন রোববার দেখানো হবে তিনটি নাটক। প্রথম নাটক ‘ফিউজ’ প্রদর্শিত হবে বিকাল সাড়ে ৪টায়। এলিজাবেথ নেলসনের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন নিশা চৌধুরী, ঈশিতা আক্তার ইতি।

এরপর সন্ধ্যা ৬টায় মঞ্চে আসছে ‘কসবি’। নাট্যকার রতন সিদ্দিকীর লেখা এই নাটকের নির্দেশক মো. আলম হোসেন ও ঋতুপর্ণা নদী। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রদর্শিত হবে ‘দ্য স্টোরি অব এ ম্যান হো টার্নড ইনটু এ ডগ'। নাটকটি লিখেছেন ওসভালদো দ্রাগুন, অনুবাদ করেছেন আব্দুস সেলিম এবং নির্দেশনা দিয়েছেন মিরাজ হোসেন শান্ত।
উৎসবের শেষ দিন সোমবার বিকাল সাড়ে ৪টায় প্রদর্শিত হবে ‘সুটকেস’। বাদল সরকারের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন মেশকাত শরীফ প্লাবন, নাজমুল হক স্বপ্নীল ও এস এম তাসিন। এরপর সন্ধ্যা ৬টায় দেখানো হবে ‘দ্য রেপ’। ফ্রাঙ্কা রামের লেখা এই নাটকটি অনুবাদ করেছেন তন্দ্রা চক্রবর্তী এবং নির্দেশনা দিয়েছেন সোমালী দত্ত রূপা, বৃষ্টি আক্তার ও অর্ঘ্য শ্রেষ্ঠ দাস।

নাটক ‘নক নক হেভেন’ দিয়ে শেষ হবে উৎসবের আয়োজন। সন্ধ্যা সাড়ে ৭ টায় দেখানো হবে নাটকটি। নাটকটি মনোজ মিত্রের 'চোখে আঙুল দাদা' থেকে অনুপ্রাণিত। এটি নির্দেশনা দিয়েছেন সৌমিক বসু।
নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা বলেন, “পৃথিবী যখনই অস্থিতিশীল হয় এবং আঁধার নেমে আসে মনন ও মস্তিষ্কে, তখনই শিল্প আরও সক্রিয় হয়ে ওঠে সমাজের দর্পণ হিসেবে। মঞ্চের আলোতে যেমন আলোকিত হয় অভিনেতা এবং দর্শকের সরাসরি সংযোগ, তেমনি সেই আলো ছড়িয়ে পড়ে মঞ্চের বাইরে।
"এই নাটকগুলোর মাধ্যমে আমরা বলতে চাই নতুন দিনের কথা, সৃষ্টির কথা, প্রাণের কথা, প্রেমের কথা।"
শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, প্রদর্শিত প্রতিটি দিনের সব নাটক একটিমাত্র টিকেটে দেখতে পারবে দর্শকরা। টিকেটের দাম ধরা হয়েছে যথাক্রমে ১০০, ২০০ ও ৩০০ টাকা।