১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিয়ের শাড়ির রং থেকে মঙ্গলসূত্রের নকশা, সব পরিকল্পনা রাশমিকার একার

প্রিয়া বলেন, “এই ঘটনাগুলো থেকে রাশমিকার নিজস্ব পছন্দ এবং আলাদা রুচির পরিচয় পাওয়া যায়।”

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2026, 04:36 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

ভারতের দক্ষিণী সিনেমার নায়িকা রাশমিকা মানদানার বিয়ের সাজ মুগ্ধ করেছিল তার ভক্তদের। বিয়ের রীতিনীতি, গয়না, পোশাকসহ খুঁটিনাটি বহু কিছু ঠিক করেছেন রাশমিকা নিজেই।

গত ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরে রাশমিকা ও বিজয় দেবরাকোন্ডার বিয়েটা হয়েছে একেবারেই নিভৃতে। পুরো আয়োজনেই ছিল কঠোর ‘নো ফোন’ নীতি। 

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সম্প্রতি রাশমিকা-বিজয়ের বিবাহ অনুষ্ঠান-ব্যবস্থাপক (ওয়েডিং প্ল্যানার) প্রিয়া মগান্তি বিয়ের খুঁটিনাটি নিয়ে কথা বলেছেন। 

তিনি বলেন, রাশমিকা নিজে তার মঙ্গলসূত্রের নকশা করেছিলেন। প্রিয়ার কথায়, “এর থেকে রাশমিকার নিজস্ব পছন্দ এবং আলাদা রুচির পরিচয় পাওয়া যায়।”

প্রিয়া আরও জানিয়েছেন রাশমিকা ও বিজয় শুরু থেকেই নাকি ঠিক করেছিলেন যে, তাদের বিয়ে যেন অন্য তারকাদের মতো একই স্রোত অনুসরণ না করে না হয়। পোশাক থেকে গয়না—সব কিছুতেই তারা নিজেদের পছন্দকে গুরুত্ব দিয়েছেন। সামাজিকযোগাযোগ মাধ্যমে কী জনপ্রিয় সেটা নয়, বরং যেটা তাদের যেটা ভালো লাগে, সেটাই বেছে নিয়েছেন।

ওই সময় রাশমিকার বিয়ের শাড়িও আলোচনার বিষয় হয়ে উঠেছিল। সাধারণত তারকা কনেদের লাল, আইভরি বা প্যাস্টেল রঙের শাড়ি পরতে দেখা যায়। কিন্তু রাশমিকা কমলা রঙের শাড়ি পরেন। 

প্রিয়া জানিয়েছে অনেক পোশাকশিল্পীই রাশমিকাকে অন্য রং পরার পরামর্শ দিয়েছিলেন। কারণ, কমলা রংকে কনের জন্য খুব একটা প্রচলিত মনে করা হয় না। তখন প্রিয়াও রাশমিকাকে নিজের মনের কথাই শুনতে বলেছিলেন। 

তিনি বলেন, “আমি রাশমিকাকে বলেছিলাম, তুমি যদি কমলা রং পরতে চাও, তা হলে সেটাই পরো। অন্য কেউ বলছে বলে লাল বা সাদা পরার দরকার নেই।”

রশ্মিকা এবং বিজয়ের বিয়ে তেলুগু ও কোডাভা রীতিনীতি মেনে সম্পন্ন হয়। বিয়েতে রশ্মিকার সাজের সঙ্গে বিজয়ের সাজ দেখেও মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা।