Published : 28 Sep 2025, 03:13 PM
সপ্তাহজুড়ে মুক্তি পাওয়া বেশ কিছু সিরিজ ও সিনেমা নিয়ে এবারের ওটিটি প্ল্যাটফর্মগুলো সাজানো হয়েছে।
চরকিতে এসেছে জয়া আহসানের সিনেমা 'জয়া আর শারমিন'। এছাড়া কিংবদন্তি দুই গোয়েন্দা ফেলুদা ও ব্যোমকেশেরও দেখা মিলছে এবারে।
হইচইয়ে চলছে শিশুতোষ সিরিজ ‘ছোট ব্যোমকেশ’; আর আড্ডা টাইমসে ফিরেছে ফেলুদার নতুন অভিযান নিয়ে সিরিজ ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’।
সিনেমা-সিরিজের পাশাপাশি প্রাইম ভিডিওতে শুরু হয়েছে কাজল-টুইংকেলের জমজমাট আড্ডার অনুষ্ঠান 'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল'।
চলতি সপ্তাহের ওটিটির খবর তুলে ধরেছে গ্লিটজ।
জয়া-মহসীনার কোভিডকালের সিনেমা
চরকিতে চলছে 'জয়া আর শারমিন'। পিপলু আর খান পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, মঞ্চের অভিনেত্রী মহসিনা আক্তার ও তানজিম সাইয়ারা তটিনী।
কোভিড মহামারীর সময়ে দৃশ্যধারণ করা এই সিনেমা দেখিয়েছে দুই নারীর নিঃসঙ্গতা, মনস্তত্ত্ব ও সম্পর্কের গল্প। সিনেমাতেও জয়া একজন অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছেন, আর তার সহকারী হয়েছেন মহসীনা।
মহামারীর সময়ে তাদের দুইজনকে যখন গৃহবন্দী জীবন কাটাতে হয়, শুরুতে তারা পেশাগত সম্পর্কে আটকে থাকেন। কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্কের পরিধি বিস্তৃত হতে থাকে।
একসঙ্গে রান্না করা, গল্পগুজব করা, পুরোনো স্মৃতিচারণা সবকিছুতেই তারা একে অপরের সঙ্গী হয়ে ওঠেন। তবুও সেই ঘনিষ্ঠতার মধ্যে থাকে অদৃশ্য এক দেয়াল। দুই নারীর সম্পর্ক ভঙ্গুর হয়ে ওঠে এক পর্যায়ে।
শিশুদের নিয়ে 'ছোট ব্যোমকেশ'
হইচইয় দেখাচ্ছে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ 'ছোট ব্যোমকেশ'। সিরিজে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী এবং তার সহকারী ও বন্ধু কুমার ব্যানার্জির চরিত্রে দুই শিশুশিল্পী অভিনয় করেছে।
ব্যোমকেশ চরিত্রের আরুশ দের বুদ্ধির কাছে হার মেনে যেতে হয় বড়দেরও। আরঅজিত হয়েছে ঋদ্ধিমান বন্দ্যোপাধ্যায়। আরও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার।
দুই সঙ্গী নিয়ে ফেলুদা এলেন ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’
ওটিটি প্ল্যাটফর্ম আড্ডা টাইমসে দেখা যাচ্ছে ওয়েব সিরিজ ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’। সৃজিত মুখার্জির নির্মাণে এই সিরিজে ফেলুদার চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী। তার দুই সঙ্গী জটায়ুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তী, তোপসে হয়েছেন কল্পন মিত্র। গুরুত্বপূর্ণ চরিত্র মগনলাল মেঘরাজ হয়ে পর্দায় এসেছেন খরাজ মুখার্জি।
সিরিজে দেখা যাবে পাহাড়ের বুকে রহস্যের উন্মোচনে ফেলুদা, তোপসে আর জটায়ু-এই ত্রয়ীর অভিযান। গল্পের পটভূমি নেপালের কাঠমান্ডু। পাহাড়ি এলাকার রহস্যময় পথে ফেলুদা উন্মোচন করবেন জটিল রহস্যের বাক্স।
‘যত কাণ্ড কাঠমান্ডুতে’ সিরিজের শুটিং হয়েছিল বছর খানেক আগে। এরপর ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ (২০২২), ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ (২০২৪) প্রচারে এলেও এই সিরিজটি আটকে যায়। অবশেষে এবারের পূজায় দর্শকদের জন্য ফেলুদাকে নিয়ে এলেন সৃজিত।
টক শো 'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল'
হিন্দি সিনেমার নব্বই দশকের দুই অভিনেত্রী কাজল ও টুইংকেল খান্নার সঞ্চালনায় দেখা যাচ্ছে নতুন টক শো 'টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল'।
এই আড্ডায় তারকাদের জীবনের সত্যিকারের গল্প জানতে পারবেন দর্শকরা। প্রথম পর্বের অতিথি আমির খান ও সালমান খান। এ ছাড়া অনুষ্ঠানের প্রথম মৌসুমে দেখা যাবে গোবিন্দ-চাঙ্কি পাণ্ডে, বরুণ ধাওয়ান-আলিয়া ভাট, ভিকি কৌশল-কৃতি শ্যানন, করণ জোহর-জাহ্নবী কাপুরসহ আরও কয়েক তারকাকে।