Published : 12 Jan 2026, 12:27 PM
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ব্যাংকের একটি অনুষ্ঠান গানে মাতিয়ে দিয়েছেন কিংবদন্তী সংগীতশিল্পী রুনা লায়লা।
অনুষ্ঠানে রুনা ছাড়াও গান শুনিয়েছেন সংগীত শিল্পী হাবিব ওয়াহিদ, প্রীতম হাসান ও দোলা।
নানা বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে গেল বছর ইউসিবি যে ‘রেকর্ড সাফল্য অর্জন করেছে’, তা উদ্যাপন করা হয় রাজধানীতে ৯ জানুয়ারিতে এই অনুষ্ঠানে। সেখানে গ্রাহক, স্টেকহোল্ডার ও শিল্প-সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ব্যাংকটি।
ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে পুলসাইডে সন্ধ্যার জমকালো ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় ‘ইউসিবি নাইট–দ্য বিগিনিং অব আ নিউ এরা’ শিরোনামের অনুষ্ঠান। এরপর পরিবেশিত হয় গীতি আলেখ্য—দৃঢ়তা ও ঘুরে দাঁড়ানোর গল্প। সংগীত, আলোর উৎসব আর বৈচিত্র্যময় পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরা হয় ইউসিবির সাফল্যের গল্প।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল রুনা লায়লার গান। তার জনপ্রিয় কিছু গান গেয়ে আসর মাতিয়ে দেন এই শিল্পী।
সেদিন ইউসিবির চেয়ারম্যান শরীফ জহীর বলেন, “চার দশক ধরে যা তৈরি করেছি, ইনশাআল্লাহ, আপনাদের অব্যাহত সমর্থনে আগামী চার বছরে আরও বড় সাফল্য অর্জন করতে পারব।”
ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, ‘আমাদের অগ্রাধিকার স্পষ্ট, প্রথমে স্থিতিশীলতা, এরপর আস্থা, আর তার পর টেকসই বৃদ্ধি।”