Published : 19 Jan 2026, 09:50 PM
নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুনুর রশীদ রচিত নাটক 'গিনিপিগ' আসছে ঢাকার মঞ্চে।
প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের ৪৯তম ব্যাচের সমাপনী প্রযোজনা এটি। নাটকটি নির্দেশনা দিচ্ছেন সাখাওয়াত হোসেন।
প্রাচ্যনাট জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় নাটকটির প্রদর্শনী হবে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার মিলনায়তনে। ওই দিন প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনের ৪৯তম ব্যাচের সনদপত্র বিতরণও করা হবে।
প্রাচ্যনাট স্কুল বিজ্ঞপ্তিতে বলছে, বাংলাদেশের আর্থ-সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত একটি তীব্র ব্যঙ্গাত্মক বা স্যাটায়ারধর্মী নাটক 'গিনিপিগ'। এই নাটকে মামুনুর রশীদ দেখিয়েছেন- কীভাবে সাধারণ মানুষ রাষ্ট্রযন্ত্র এবং ধনিক শ্রেণীর হাতে গিনিপিগের মতো ব্যবহৃত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনয়শিল্পী ডলি জহুর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ইউসুফ হাসান অর্ক। নাট্য প্রদর্শনী ছাড়াও মিলনায়তনের বাইরে থাকবে উন্মুক্ত পোস্টার প্রদর্শনী।
বাংলাদেশের থিয়েটারের বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে ২৫ বছর ধরে কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন।
এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে একজন প্রশিক্ষণার্থী থিয়েটারের সকল আনুসাঙ্গিক বিষয়ে একটি স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে তাদের কোর্স সম্পন্ন করেছে। পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে ৪৯তম ব্যাচেরও।