১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেলবোর্নের উৎসবে বাংলাদেশের সাবা ও ২ষ

দশ দিনের এই উৎসব শুরু হবে ১৪ অগাস্ট থেকে।

মেলবোর্নের উৎসবে বাংলাদেশের সাবা ও ২ষ
'ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন' চলচ্চিত্র উৎসবে

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2025, 07:43 PM

Updated : 10 Sep 2026, 12:44 PM

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা 'ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন' চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ও সিরিজ। 

মেহজাবীন চৌধুরী অভিনীত 'সাবা' এবং নুহাশ হ‌ুমায়ূনের ওটিটি সিরিজ ‘পেট কাটা ষ’ এর দ্বিতীয় মৌসুম ‘২ষ’ দেখানো হবে ১৬তম মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে। 

সিনেমা দুইটি 'ফ্রম দ্য সাবকন্টিনেন্ট' বিভাগে জায়গা পেয়েছে। দশ দিনের এই উৎসব শুরু হবে ১৪ অগাস্ট থেকে।    

‘২ষ’ সিরিজের প্রদর্শনী দুইদিন 

'ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন' চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সাইটে জানানো হয়েছে নুহাশ হ‌ুমায়ূনের সিরিজ ‘২ষ’ দেখানো হবে ২০ ও ২৪ অগাস্ট।   

দেশের ওটিটি প্ল্যাটফর্মে ‘২ষ’ সিরিজ আকারে মুক্তি পেলেও উৎসবে সেটি সিনেমা আকারে দেখানো হবে। সিরিজ থেকে সিনেমা করার পর ‘২ষ’ এর দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১৫০ মিনিট।

‘২ষ’ সিরিজের গল্পগুলো ফ্যান্টাসি, হরর ও মিস্ট্রি ঘরানার। যেখানে প্রচলিত ভৌতিক ধারণার বাইরে গিয়ে নুহাশ গল্পে তুলে এনেছেন মানুষের অন্তর্গত লালসা ও ক্রোধকে।

এই গল্পগুলো লিখেছেন নুহাশ ও তার মা কবি গুলতেকিন খান দুজনে মিলে। সিরিজের গল্পগুলো হল ‘ওয়াক্ত’, ‘ভাগ্য ভালো’, ‘অন্তরা’ ও ‘বেসুরা’। প্রতিটি গল্পের রয়েছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা।  

প্রথম পর্ব ‘ওয়াক্তে’ দেখা গেছে পাঁচ জন বন্ধুর পাঁচটি ভিন্ন সময়ে পাঁচ ধরনের পরিণতির গল্প ।

‘ভাগ্য ভালো’ এই পর্বটি নুহাশ তৈরি করেছে ভাইরাল হওয়া এক জ্যোতিষীর নানা ঘটনা নিয়ে। যেখানে জ্যোতিষীর চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।

অতিপ্রাকৃতিক বিবাহিত জীবন নিয়ে গড়ে উঠেছে ‘অন্তরা’র গল্প। এই পর্বে অভিনয় করেছেন আফজাল হোসেন ও কাজী নওশাবা আহমেদ।

সুর–ছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প উঠে এসেছে ‘বেসুরা’ পর্বে। যেখানে অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান, সুমাইয়া শিমু। এছাড়াও দেখা গেছে সংগীতশিল্পী ইসলাম উদ্দিন পালাকারকে। 

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে গত বছরের ১৮ ডিসেম্বর থেকে প্রচার শুরু হয় সিরিজটির, শেষ হয় গত ৯ জানুয়ারি।

‘২ষ’ এর আগে সাউথ বাই সাউথ ওয়েস্ট (এসএক্সএসডব্লিউ) চলচ্চিত্র উৎসব, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব লস অ্যাঞ্জেলস, যুক্তরাজ্যের রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। 

'সাবা' দেখানো হবে একবার    

উৎসবে ৯৫ মিনিট দৈর্ঘ্যের 'সাবা' সিনেমার প্রদর্শনী একটি, যেটি দেখা যাবে ১৭ অগাস্টে। 

'সাবা’ সিনেমার গল্প তৈরি হয়েছে সাবা এবং তার মাকে কেন্দ্র করে। মা-মেয়ের সম্পর্কের মধ্যে আবির্ভাব ঘটে অঙ্কুর নামের এক তরুণের, যাকে কেন্দ্র করে সাবার জীবনের বাঁক বদল হয়।

সিনেমায় সাবা হয়েছেন মেহজাবীন, তার মা শিরিনের চরিত্রটি রোকেয়া প্রাচী করেছেন। অঙ্কুর চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার।

আন্তর্জাতিক অঙ্গনে ‘সাবার' যাত্রা শুরু হয় টরন্টো চলচ্চিত্র উৎসব দিয়ে। পরে সিনেমাটি বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, গোথেনবার্গ চলচ্চিত্র উৎসব, ওসাকা, ডালাস চলচ্চিত্র উৎসবসহ একাধিক উৎসবে জায়গা করে নিয়েছে।

গত মার্চ মাসে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা প্রতিযোগিতা বিভাগে তৃতীয় পুরস্কার পেয়েছে ‘সাবা’।

‘প্রিয় মালতী’ সিনেমা দিয়ে গত বছর বড় পর্দায় অভিষেক হলেও মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা সাবা। ।