Published : 06 Nov 2025, 07:22 PM
নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী ঘিরে চার সিনেমা দিয়ে আয়োজন করা হচ্ছে ‘হুমায়ূন আহমেদ সপ্তাহ’।
স্টার সিনেপ্লেক্সের উদ্যোগে শুক্রবার থেকে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন।
বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, হুমায়ূন আহমেদের জনপ্রিয় চারটি সিনেমা ‘আমার আছে জল’, ‘ঘেটুপুত্র কমলা’, ‘নয় নম্বর বিপদ সংকেত’ ও ‘দারুচিনি দ্বীপ’ প্রদর্শন করা হবে স্টার সিনেপ্লেক্সে।
দর্শক স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার, সনি স্কয়ার এবং সামরিক জাদুঘর শাখায় সিনেমাগুলো দেখতে পাবেন। একটি টিকেট কিনলে আরেকটি ফ্রি পাওয়া যাবে।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, "আমাদের সাংস্কৃতিক জগতে হুমায়ূন আহমেদ একটি জাদুকরি নাম। সাহিত্য, নাটক ও চলচ্চিত্রে তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছেন, তা বিস্ময়কর।
“মৃত্যুর পরও তিনি ব্যাপকভাবে বেঁচে আছেন অগণিত মানুষের হৃদয়ে। তার সিনেমাগুলো আমাদের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছিল। কিছু সিনেমার প্রিমিয়ারও হয়েছিল আমাদের এখানে।”
মেসবাহ উদ্দিন বলেন, " তার প্রতি আমাদেরও অশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা রয়েছে। তাই ৭৭তম জন্মবার্ষিকীর এই সময়টা আমরা দর্শকদের নিয়ে বিশেষভাবে উদযাপন করতে এই উদ্যোগ নিয়েছি। এ আয়োজনে আমাদের সহযোগিতা করার জন্য ইমপ্রেস টেলিফিল্মকে বিশেষ ধন্যবাদ জানাই।"
হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘দারুচিনি দ্বীপ’ সিনেমাটি নির্মাণ করেন তৌকীর আহমেদ। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ, মম, ইমন, বিন্দু, মুনমুন, মোশাররফ করিমসহ অনেকে।
‘নয় নম্বর বিপদ সংকেত’ মুক্তি পায় ২০০৭ সালে। অভিনয় করেন আসাদুজ্জামান নূর, জয়ন্ত চট্টোপাধ্যায়, তানিয়া আহমেদ, দিতি, ফারুক আহমেদসহ অনেকে।
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, বিদ্যা সিনহা মিম, জাহিদ হাসান, মেহের আফরোজ শাওন।
হুমায়ূন আহমেদের নির্মিত সর্বশেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’ মুক্তি পায় ২০১২ সালে। এ সিনেমায় অভিনয় করেন তারিক আনাম খান, মুনমুন আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মামুন, শামীমা নাজনীন।
গত শতকের আশি ও নব্বইয়ের প্রজন্মের কাছে হুমায়ূন আহমেদ ছিলেন গল্পের জাদুকর৷ ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’ থেকে শুরু করে ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’, ‘নক্ষত্রের রাত’-এর মত জনপ্রিয় নাটক নির্মিত হয় তার গল্পেই।
১৯৯২ সালের ‘শঙ্খনীল কারাগার’ সিনেমাটির গল্পকারও তিনিই। এ সিনেমার মাধ্যমেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান হুমায়ূন আহমেদ।
১৯৯৪ সালে মুক্তি পায় হুমায়ূন আহমেদ নির্মিত প্রথম চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’। এরপর একে একে তিনি নির্মাণ করেন আরও সাতটি সিনেমা। ‘শ্রাবণ মেঘের দিন’ ‘দুই দুয়ারী’, ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘ঘেটুপুত্র কমলা’ তার সৃষ্টি।
ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই পৃথিবী ছেড়ে চলে যান হুমায়ূন আহমেদ।