Published : 23 May 2026, 10:59 AM
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল কালচার ও ছাত্র রাজনীতির বাস্তব চিত্রকে কেন্দ্র করে 'দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল' নামের যে সিনেমাটি নির্মিত হয়েছিল, সেটি এবার মুক্তি পাচ্ছে কোরবানির ঈদে।
ট্রেইলার প্রকাশ করে ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা আকাশ হক।
তিনি বলেন, "হলে গিয়ে সিনেমা দেখার চর্চা মানুষের কমে গেছে। এখন কেবল ঈদের সময়টাতেই মানুষ হলে যায়। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ঈদ উৎসবে মুক্তির সিদ্ধান্ত নেওয়া।"
এবারের ঈদে মুক্তির তালিকায় আছে বেশ কিছু বড় বাজেটের সিনেমা, সেক্ষেত্রে তার সিনেমাটি যদি হল না পায় তাহলে বিকল্প ব্যবস্থায় হলেও ঈদ উৎসবেই সিনেমাটি দর্শকদের দেখাতে চান তিনি।
আকাশ বলেন, "আমরা চেষ্টা করছি, কথা বলছি বিভিন্ন সিনেপ্লেক্সের সঙ্গে। হল পেতে শেষ পর্যন্ত চেষ্টা করে যাব, না পারলে বিকল্প ব্যবস্থায় দর্শকদের সিনেমাটি দেখানোর পরিকল্পনা আমাদের আছে।"
‘দা ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমায় অভিনয়ে আছেন একগুচ্ছ নতুন মুখ। তারা হলেন ববি বিশ্বাস, দেবদ্যুতি আইচ, রকি খান, চয়ন মণ্ডল, আবু সায়ীদ, ইফাদ হাসান ও এস এ জীবন এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সাহিত্যিক ও কবি আক্তারুজ্জামান আজাদ।
সিনেমাটি নিয়ে আকাশ বলেন, "১৪২ মিনিট দৈর্ঘ্যের এটি রাজনৈতিক স্যাটায়ার সিনেমা। এতে সমাজে বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক দিককে তুলে ধরার একটা প্রয়াস আমাদের ছিল। সব মিলিয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ শুধু একটি সিনেমা নয়, বরং পরিচিত বাস্তবতাকে নতুন চোখে দেখার এক চেষ্টা। হাসি, ব্যঙ্গ আর বাস্তবতার মিশেলে সিনেমাটি এবারের উৎসবে দর্শকদের আলাদা করে ভাবাতে পারে।”
চলতি বছরের শুরুতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটি। উৎসবে বাংলাদেশ প্যানারমা বিভাগে সেরা হয় 'দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল' ।
এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি আয়োজিত আমার ভাষার চলচ্চিত্র উৎসবের ২৪ তম আসরে 'সেরা চলচ্চিত্র পুরস্কার' হিসেবে হীরালাল সেন পদক জিতে নেয় দ্য ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।
প্রেক্ষাগৃহেও দর্শক সিনেমাটি পছন্দ করবে বলে আত্মবিশ্বাসী নির্মাতা। আকাশ হক বলেন, "দুইটি উৎসবে সিনেমার প্রদর্শনী হাউসফুল ছিল। আমার বিশ্বাস প্রেক্ষাগৃহেও সিনেমাটি দর্শকের পছন্দ হবে, শেষ না করে কেউ বের হবেন না।"