‘ইকোস অব দি আর্থ’ প্রতিযোগিতায় মুস্তাফিজ মামুনের পুরস্কার
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টিতে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়।
‘ইকোস অব দি আর্থ: ফটোগ্রাফি ফর দ্য প্ল্যানেট’ আলোকচিত্র প্রতিযোগিতায় জ্বালানি বিভাগে প্রথম হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র বিভাগের প্রধান মুস্তাফিজ মামুন।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টিতে ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা) এবং ‘বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ যৌথভাবে এ প্রতিযোগিতা আয়োজন করে।
প্রতিযোগিতায় জ্বালানি বিভাগে দ্বিতীয় হয়েছেন দ্য ডেইলি স্টারের হাবিবুর রহমান, তৃতীয় হয়েছেন বিজনেস স্ট্যান্ডার্ডের মিনহাজ উদ্দিন।
পরিবেশ বিভাগে প্রথম হয়েছেন দৈনিক সমকালের মামুনুর রশীদ। দ্বিতীয় হয়েছেন আজকের পত্রিকার মেহেদী হাসান ও তৃতীয় হয়েছেন দ্য ডেইলি স্টারের শেখ নাসির।
প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ‘বায়ু, পানি ও মাটি দূষণ’ এবং ‘জ্বালানি ও পরিবেশ’। জমা পড়া দেড় হাজার ছবি থেকে বিচারকদের রায়ে নির্বাচিত সেরা ৩৫টি ছবি প্রদর্শনীর জন্য বাছাই করা হয়।
শুক্রবার প্রেস ক্লাবে এ প্রদর্শনী উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত প্রদর্শনী চলবে শনিবার সন্ধ্যা পর্যন্ত।
আয়োজনের প্রধান অতিথি সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, “পৃথিবীজুড়ে পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের দেশের অবস্থা আরও শোচনীয়। আমরা সরকার গঠনের পর কাজ শুরু করে দেখেছি নানা সংকট। সমাজে একটি চৌর্যবৃত্তির কাঠামো দাঁড়িয়ে আছে। সরকার এবং তার চারপাশের সকলের দৃঢ় সংকল্প না থাকলে এই কাঠামো ভাঙা এবং সংকট মোকাবিলা সম্ভব নয়।
“আমাদের শিশুদের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হলে আমাদের যুদ্ধ করতে হবে। কোটা আন্দোলন থেকে যদি সরকার পতন হতে পারে, তবে পরিবেশ, নদী এবং জলবায়ু পরিবর্তনের জন্য আরও বড় আন্দোলন হওয়া দরকার। আজকের প্রদর্শিত ছবিগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা কেমন পরিবেশে বসবাস করছি।”
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ, যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির অধ্যাপক ও ‘ধরা’ এর উপদেষ্টা কমিটির সদস্য জিয়াউদ্দিন আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ‘তারা ক্লাইমেট ফাউন্ডেশন’ বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর শওকত আরা বেগম এবং বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ‘ধরিত্রী রক্ষায় আমরা’ সংগঠনের সদস্য সচিব শরীফ জামিলও বক্তব্য দেন।
