লস এঞ্জেলস (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- ১৪ সপ্তাহব্যাপী চলতে থাকা ধর্মঘট অবসানের পক্ষে ভোট দিয়েছে হলিউড লেখকরা। মঙ্গলবার হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশনের লেখকরা ধর্মঘট প্রত্যাহার করে বুধবার থেকেই কাজে যোগ দেয়ার পক্ষে তাদের সিদ্ধান্ত জানান। এর ফলে গত ২০ বছরের মধ্যে হলিউডরে সবচেয়ে ভয়াবহ সংঘাতের অবসান হল।
কাজে ফেরার এই সিদ্ধান্তের পক্ষে রাইটার্স গিল্ড অফ আমেরিকার ৩ হাজার ৭৭৫ জন সদস্যের মধ্যে শতকরা ৯২ দশমিক ৫ ভাগ ভোট দেন। স্টুডিওগুলোর সঙ্গে গিল্ডের চুক্তির পক্ষে ইউনিয়ন নেতারা নিরঙ্কুশ সমর্থন ব্যক্ত করার দুদিন পর নিউ ইয়র্ক ও লস এঞ্জেলসে এই ভোটের আয়োজন করা হয়।
এই ভোটের পর নভেম্বরের ৫ তারিখ থেকে কর্মবিরতিতে যাওয়া হলিউডের সাড়ে ১০ হাজার লেখক বুধবার থেকে কাজে যোগ দিতে পারবেন।
ভোটের পর এক সংবাদ সম্মেলনে গিল্ডের প্রেসিডেন্ট প্যাট্রিক ভেরন বলেন, "ধর্মঘট শেষ। আমাদের সদস্যরা ভোট দিয়েছেন। সুতরাং লেখকরা এখন কাজে ফিরে যেতে পারেন।"
রাইটার্স গিল্ড অফ আমেরিকার সদস্যরা পরে তিন বছরের যে চুক্তি করা হচ্ছে সে ব্যাপারেও তাদের ভোট প্রয়োগ করবেন। ২৫ ফেব্র"য়ারি তিন বছরের চুক্তিটি অনুমোদন করবেন লেখকরা।
ওই চুক্তিতে লেখকদের সম্মানী নতুন করে নির্ধারণ করা হয়েছে। এর ফলে এখন থেকে ইন্টারনেটে তাদের কোন কাজ গেলে তার জন্যও তারা সম্মানী পাবেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১১১৯ ঘ
bdnews24