২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিলুপ্তির পথে নোয়াখালীর ঐতিহ্যবাহী মৃৎশিল্প

নিত্য অভাব অনটন আর রোগ-শোকে মানবেতর জীবনযাপন করছে নোয়াখালীর ঐতিহ্যবাহী কুমার সম্প্রদায়। কুমারপাড়ার গরুর গাড়ি বোঝাই করা হাঁড়ি-কলসীর দৃশ্য দিন দিন হারিয়ে যাচ্ছে। সেই সাথে মুছে যাচ্ছে কুমারপাড়ার নারীদের নামও।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 04:02 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

দারিদ্র্যের ছোবলে চৌদ্দ পুরুষের ঐতিহ্যবাহী পেশা ছাড়তে বাধ্য হচ্ছে অনেক কুমার পরিবার। এরপরও নাড়ির টানে বাপ দাদার পেশা ছাড়তে পারেনি অল্প কয়েকটি পরিবার। তারা আবার শিক্ষা চিকিৎসাসহ মানবিক জীবনযাত্রার সকল সুবিধা থেকে বঞ্চিত হয়ে কাটাচ্ছে এক অসহনীয় জীবন।

সরেজমিন অনুসন্ধানে জানা যায়, নোয়াখালী জেলার বেগমগঞ্জ ও সুধারাম থানার ঘাটলা, অনন্তপুর, গোপালপুর, শিবপুর, সান্তানগর, দূর্গাপুর, বজরা, জমিদারহাট, আমিশাপাড়া, জালিয়াল ও ইন্দ্রপুর গ্রামের মৃৎশিল্প বিলুপ্ত প্রায়।

কুমাররা বলছেন, প্রযুক্তির অগ্রগতিতে এখন ব্যবহারিক জীবনে মাটির তৈরি বাসনের বিশেষ একটা গুরুত্ব নেই। একটা সময় ছিল যখন মাটির তৈরি তৈজসপত্রের বিকল্প ছিল না। কিন্তু কয়েক দশকেই মাটির তৈরির জিনিসপত্রের স্থান দখল করে নিয়েছে প্লাস্টিক, মেলামাইন, স্টেনলেইস স্টিল এবং অ্যালুমিনিয়ামের তৈরি অত্যাধুনিক সামগ্রি। এসব জিনিস মাটির তৈজসপত্রের চেয়ে দামে বেশী হলেও টেকে অনেক দিন।

এছাড়া প্রয়োজনীয় কাঁচামাল, পুঁজি পৃষ্ঠপোষকতার অভাবে অনেক কুমার পরিবার এখন চাইলেই ধরে রাখতে পারছেন না বংশপরম্পরার এই পেশা।

নিজেদের দুর্দশার কথা বলতে গিয়ে তারা বলছেন, আমাদের থাকার ভালো ঘর নেই, পরণে ভালো কাপড় নেই, টাকার অভাবে ছেলে-মেয়েরা লেখাপড়া করতে পারছে না। আমরা পারছি না বিয়ের উপযুক্ত মেয়েদের পাত্রস্থ করতে। এ অবস্থায় বংশগত পেশা টিকিয়ে রাখবো কীভাবে?

জালিয়াল দেওয়ানজী কুমার বাড়ির নারী শ্রমিক ছেনুবালা পাল (৬০) আক্ষেপ করে বিডিনিউজকে বলেন, ‘আংগো ভাঙ্গা ঘর ভাঙ্গা দুয়ার, সরকার আংগো খবর রাহে না। মাডির কাম কইত্তে মন আর চায় না। কিন্তু না করিও হারি না। এই কাম করি জীবন যৌবন ব্যাক শ্যাষ করি দিছি।’

রেখা রাণী জানান, ছোটবেলা থেকেই মাটির কাজে অভ্যস্ত বলে তারা অন্য কোনো কাজও জানেন না। তাই নিরুপায় হয়ে এখনো কোনোরকমে এ পেশায় পড়ে আছেন।

জালিয়াল গ্রামের শেফালী রানী পাল জানান, সারা বছর মাটি নিয়ে হাড়ভাঙ্গা পরিশ্রমের কারণে অনেকে বাতে আক্রান্ত হয়ে অল্প বয়সেই কর্মদক্ষতা হারিয়েছেন।

কুমারপাড়া ঘুরে দেখা গেছে, এখনো নারী শ্রমিকদের শ্রমে তৈরি হয় পাখির আকৃতি, সুন্দর সুন্দর খেলনা, পিঠা তৈরির হাঁড়ি, ছাইদানি, মোমদানি, পানির কলস, রসের হাঁড়ি, মুড়ি ভাজার ঝাঁঝর, দইয়ের হাঁড়ি প্রভৃতি সামগ্রি। এসব সামগ্রি দত্তের হাট, কবির হাট এবং চৌমুহনীর ব্যবসায়ীরা পাইকারি কিনে নেয়। অনেকে আবার বাড়ি বাড়ি ফেরী করে বিক্রি করে।

সাধারণত গ্রামে ধান ওঠার সময় এবং শীতকালে মাটির হাঁড়ি-পাতিল ভালো বিক্রি হয়। বর্ষা মৌসুমে কাজ বন্ধ থাকায় এসময় কুমারদের ব্যবসায় মন্দা দেখা দেয়। সারাবছর কাজ করার জন্যে দূর দূরান্ত থেকে এঁটেল মাটি সংগ্রহ করতে হয় এসময়। পুঁজির অভাবে অনেকে মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নেন। শুষ্ক মৌসুমে কাজ করে যা উপার্জন হয়, তার সিংহভাগই চলে যায় মহাজনের ঋণ শোধ করতে।

পূর্ব পুরুষের দুরাবস্থা দেখে কুমারদের শিক্ষিত ছেলে-মেয়েরা এ পেশা বেছে নিতে আর আগ্রহী নন। এভাবেই এখন বিলুপ্তির পথে নোয়াখালীর ঐতিহ্যবাহী মৃৎশিল্প।