Published : 18 Sep 2022, 10:05 PM
জামানতের কঠিন শর্তের কারণে অনেক কৃষক ঋণ পাচ্ছেন না জানিয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এসব শর্ত আরও সহজ করার ওপর গুরুত্বারোপ করেছেন।
রোববার রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘প্রাণিসম্পদ খাতে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে আমাদের অবস্থান ও করণীয়’ শীর্ষক এ সেমিনার আয়োজন করে আদর্শ প্রাণিসেবা লিমিটেড বলে কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কৃষিমন্ত্রী বলেন, “প্রকৃত কৃষককে আরও সহজ শর্তে জামানাত ছাড়াই ঋণ দেওয়া যায়। সরকার কৃষিখাতে ৪ শতাংশ সুদে কৃষকদেরকে ঋণ দিচ্ছে। কিন্তু এ ঋণ পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান কঠিন শর্ত অনেক সময়ই কৃষক পূরণ করতে পারে না। সেজন্য ঋণ দেওয়ার পদ্ধতি আরও সহজ করতে হবে।”
প্রাণিসম্পদে বীমা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, “বর্তমানে একটি গাভীর দাম ৫ থেকে ১০ লাখ টাকা। সেজন্য প্রাণিসম্পদে অবশ্যই বীমা হওয়া উচিত। তবে বীমা কোম্পানির ওপর দেশের মানুষের বিশ্বাস নেই। তারা গ্রাহককে ব্যাপকভাবে হয়রানি ও প্রতারণা করে। এই হয়রানি ও প্রতারণা বন্ধ করে বীমাকে গ্রাহকবান্ধব করতে হবে। বীমাতে মানুষের আস্থা বৃদ্ধি করতে হবে।”
দেশে ভোজ্যতেল উৎপাদনের বিষয়ে রাজ্জাক বলেন, “আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে ভোজ্যতেলের চাহিদার শতকরা ৪০ ভাগ দেশে উৎপাদনের জন্য কৃষি মন্ত্রণালয় সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।”
সেমিনারে কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন, চ্যানেল আই এর পরিচালক বার্তা শাইখ সিরাজ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল্লাহ হারুন পাশা, কৃষিবিদ আওলাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগের শিক্ষক অধ্যাপক হাসিনা শেখ, ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক কায়সার হামিদ বক্তব্য রাখেন।