২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জিডিপিতে গৃহস্থালি কাজের মূল্যায়ন হবে: পরিকল্পনামন্ত্রী

“এতে দুটো লাভ হবে। এক. আমাদের অর্থনীতির আসল রূপের একটা ধারণা আমরা নিতে পারব, দ্বিতীয়ত নারী সমাজের মূল্যায়ন করা হবে”, বলেন তিনি।

জিডিপিতে গৃহস্থালি কাজের মূল্যায়ন হবে: পরিকল্পনামন্ত্রী

গৃহস্থালিতে নারীর শ্রম জাতীয় অর্থনীতিতে এখনও রয়েছে উপেক্ষিত।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2023, 09:00 PM

Updated : 16 Oct 2023, 09:27 PM

দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে নারীর গৃহস্থালি ও সেবামূলক কাজ যোগ করতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী চাচ্ছেন জিডিপিতে নারীদের গৃহস্থালি কর্মকাণ্ডের হিসাব যোগ করতে। এটা নিয়ে আমরা কাজ করছি। শিগগিরই একটা আশানুরূপ রেজাল্ট দিতে পারব। আগামীতে নারীর কাজকে প্রাতিষ্ঠানিকীকরণ ও মূলধারায় নিয়ে আসার চেষ্টা করব।”

সোমবার বিকালে বাংলা একাডেমিতে অর্থনীতিবিদ বিরূপাক্ষ পালের ‘সহজ কথায় অর্থনীতি' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এতদিন ধরে উপেক্ষিত নারীর মজুরিবিহীন শ্রমের আর্থিক মূল্য জিডিপিতে অন্তর্ভুক্ত করতে গত ১১ এপ্রিল একনেক সভায় নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিকল্পনা মন্ত্রী বলেন, “আমাদের মায়েরা-বোনেরা ঘরের কাজ করেন, গরু-বাছুর লালন-পালন করেন, মুরগি পালন করেন। কিন্তু তাদের এই কাজের কোনো মূল্যায়ন নেই। জিডিপিতে তাদের কর্মকাণ্ডের হিসাব করা দরকার।

“প্রধানমন্ত্রী চাচ্ছেন আমরা যেন নারীদের অবদান কতটুকু সেটা পরিমাপ করি এবং এটা প্রকাশ করি। এতে দুটো লাভ হবে। এক. আমাদের অর্থনীতির আসল রূপের একটা ধারণা আমরা নিতে পারব, দ্বিতীয়ত নারী সমাজের মূল্যায়ন করা হবে।”

অনুষ্ঠানে অধ্যাপক বিরূপাক্ষ পালের ‘সহজ কথায় অর্থনীতি' বইয়ের মোড়ক উন্মোচন করেন পরিকল্পনা মন্ত্রী। বইটি প্রকাশ করেছে আলোঘর প্রকাশনী।

বইটি সম্পর্কে মন্ত্রী বলেন, “বিরূপাক্ষ অত্যন্ত সহজ সরলভাবে লেখেন। অর্থনীতির মতো কঠিন বিষয়গুলোকে তিনি অত্যন্ত সহজভাবে লিখেছেন। এই বইটি শুধু অর্থনীতির শিক্ষার্থীদের জন্য নয়, সকলের প্রয়োজন হবে।”

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আতিউর রহমান, এসডিএফের চেয়ারম্যান আবদুস সামাদ ফারুক, আলোঘর প্রকাশনার স্বত্বাধিকারী মো. সহিদ উল্লাহ।

পুরনো খবর:

গৃহস্থালির শ্রম যুক্ত হচ্ছে জিডিপিতে