১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চার মাসে বিদেশি ঋণ ছাড় বেড়েছে ৩৯%

আসল ও সুদ পরিশোধের পর নিট অর্থছাড় হয়েছে ৭ কোটি ৯৯ লাখ ডলার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 01:26 AM

Updated : 26 Aug 2026, 05:13 PM

চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর সময়ে আগের বছরের একই সময়ের চেয়ে অর্থছাড়ে উল্লম্ফন হয়েছে; মোট ১৬৬ কোটি ৪৯ লাখ ডলারের ঋণ ও অনুদানের অর্থ ছাড় করেছে উন্নয়ন সহযোগী দেশ ও আন্তর্জাতিক অর্থায়নকারী সংস্থাগুলো।

আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১২০ কোটি ২০ লাখ ডলার। এ হিসাবে অর্থছাড় বেড়েছে ৩৮ দশমিক ৫১ শতাংশ।

রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে অর্থবছরের প্রথম চার মাসে অর্থছাড়ের এ তথ্য প্রকাশ করা হয়।

চলতি অর্থবছরের এ সময়ে বিদেশি সহায়তার প্রতিশ্রুতি মিলেছে ১২০ কোটি ৮৯ লাখ ডলার।

প্রতিবেদনের তথ্য বলছে, এ চার মাসে অর্থায়নকারী সংস্থাগুলোর পাওনার মধ্যে বাংলাদেশ সরকার পরিশোধ করেছে ১৫৮ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে ঋণের আসল ও সুদ পরিশোধের পর নিট অর্থছাড় হয়েছে ৭ কোটি ৯৯ লাখ ডলার। 

আগের অর্থবছরের প্রথম চার মাসে আসল ও সুদ শোধ করা হয়েছিল ১৪৩ কোটি ৭৯ লাখ ডলার। সে হিসাবে ঋণ শোধ বেড়েছে ১০ দশমিক ২৩ শতাংশ।