Published : 09 Apr 2026, 10:16 PM
‘কল্যাণমূলক’ রাষ্ট্রের জন্য যৌক্তিক করহার নির্ধারণের কথা বলেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম চেম্বার আয়োজিত প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আগ্রাবাদের ওর্য়াল্ড ট্রেড সেন্টারের সম্মেলন কক্ষে এ বৈঠকে তিনি বলেন, “একটি কল্যাণমূলক রাষ্ট্রের জন্য রাজস্ব সংগ্রহের চাপ থাকে। কিন্তু সবাইকে চাপে ফেলে আমরা রাজস্ব সংগ্রহ না করে কল্যাণমূলক রাষ্ট্র ও এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য করহার যৌক্তিক করা হবে।“
তবে যৌক্তিক এ করহার কী হবে এবং তা কাদের জন্য প্রযোজ্য হবে সে বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি তিনি।
এনবিআর চেয়ারম্যান বলেন, যারা ভ্যাট ও কর নিয়ে দ্বিধায় আছেন তাদেরকে উৎসাহিত করার জন্য পদ্ধতির আধুনিকায়ন করা হচ্ছে। যারা অগ্রিম কর বা অতিরিক্ত ভ্যাট কিংবা অগ্রিম আয়কর দেন তা সমন্বয়ের মাধ্যমে দ্রুত রিফান্ডের জন্য সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।
তিনি বলেন, বন্ড ম্যানেজমেন্ট ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস ব্যবস্থাপনা কীভাবে আধুনিক ও পেপারলেস করা যায় সে লক্ষ্যে কাজ করছে সরকার।
স্বাগত বক্তব্যে চট্টগ্রাম চেম্বারের প্রশাসক মো. মোতাহার হোসেন বলেন, আমদানি পর্যায়ে করহার পুনর্বিন্যাস ও দেশি শিল্প সুরক্ষায় নানাবিধ প্রণোদনার বিকল্প উপায় বের করতে হবে। ট্যাক্স সিস্টেমের সময়োপযোগী সংস্কারের মাধ্যমে কর-জিডিপি অনুপাতও কাঙ্খিত মাত্রায় উন্নীত করতে হবে।
সভায় উপস্থিত ব্যবসায়ী নেতারা চট্টগ্রাম বন্দরে স্ক্যানার সংখ্যা বাড়ানো, ব্যবসার ব্যয় কমাতে চট্টগ্রামে সব সংস্থার ল্যাব আধুনিকায়ন করা, তৈরি পোশাক খাতের জ্বালানি সাশ্রয়ে সোলার প্যানেল ও সোলার লিথিয়াম ব্যাটারি আমদানির শুল্ক কমানো, আগাম করের ক্ষেত্রে দ্রুত রিফান্ডসহ বিভিন্ন প্রস্তাব দেন।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী ও ফরিদ আহমেদ চৌধুরী, উইমেন চেম্বারের সভাপতি আবিদা মোস্তফা, এফবিসিসিআই’র প্রাক্তন পরিচালক মো. আমিরুল হক, চট্টগ্রাম চেম্বারের সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, সাবেক পরিচালক ড. মঈনুল ইসলাম মাহমুদ, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস. এম. সাইফুল আলম, জিপিএইচ ইস্পাতের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল, এনবিআরের সদস্য মুতাসিম বিল্লাহ ফারুকী, মুহাম্মদ মুবিনুল কবীর ও মো. আজিজুর রহমান।