Published : 05 Apr 2026, 10:10 PM
সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণ বা তারও বেশি বৃদ্ধির যে সুপারিশ করেছিল নবম জাতীয় বেতন কমিশন, তা সচিব কমিটির মাধ্যমে আরও পর্যালোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি বলেছেন, “প্রক্রিয়া অনুযায়ী কাজ করছে একটা সচিব কমিটি। ওরা পর্যালোচনা করবে। সুপারিশ অনুযায়ী ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারিত হবে।”
রোববার সচিবালয়ে প্রস্তাবিত বেতনকাঠামোর সুপারিশ বাস্তবায়ন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ বিষয়ে বৈঠক করে সচিব কমিটি।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২০ দিন আগে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করে নবম জাতীয় বেতন কমিশন।
বেতন কমিশনের প্রস্তাব বাস্তবায়নে তৎকালীন অন্তর্বর্তী সরকারের অর্থ বরাদ্দ করে যাওয়ার কথাও বলেন তৎকালীন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। পে কমিশন যে সুপারিশ দিয়েছে, তা পরীক্ষা করার জন্য কমিটি করে দেওয়ার কথাও তিনি বলেছিলেন তখন।
তবে নির্বাচন পরবর্তী সরকার দায়িত্ব নিয়েই সামাজিক নিরাপত্তা খাতে প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজে হাত দিয়েছে, সে কাজে তাদের অর্থ প্রয়োজন হচ্ছে।
বিগত সরকারের বাজেটে সেই অর্থের সংস্থান না থাকায় নতুন করে বরাদ্দ পেতে বাড়তি বেতন বাস্তবায়নে যে অর্থ রাখা হয়েছিল সেখান থেকে খরচের কথা সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে।
এছাড়া মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটের মধ্যে বাড়তি মূল্যে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতেও খরচ বাড়ছে।
এই পরিপ্রেক্ষিতে চলতি অর্থবছরের বাকি সময়ের মধ্যে বা নতুন অর্থবছরের বাজেটে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুযোগ থাকবে কি না, সেই প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, “এগুলো নিয়েই তো সচিব কমিটি করবে (পর্যালোচনা)। সচিব কমিটি তো যে কোনো পে স্কেল যখন দেওয়া হয়, কমিশন দেয়, কমিশন দেওয়ার পরে কাজ করে।”
গত ৮ ফেব্রুয়ারি নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে সচিব কমিটি গঠন করা হয়। ওই দিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
তার আগে ২১ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে কমিশন তাদের প্রতিবেদন হস্তান্তর করে।
সে সময় কমিশনপ্রধান বলেছিলেন, প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে হলে এক লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে।
বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় হচ্ছে এক লাখ ৩১ হাজার কোটি টাকা।
২০১৩ সালে অষ্টম বেতন কমিশন গঠনের পর দীর্ঘ ১২ বছর পরে নতুন বেতন কমিশন গঠিত হয়।
পুরনো খবর
সরকারি কর্মচারীদের বেতন বেড়ে 'দ্বিগুণ' হচ্ছে, বাস্তবায়ন কবে?
'সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে টাকা রেখে যাবে অন্তর্বর্তী সরকার
সরকারি চাকুরেদের সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৬০